যশবন্তপুর এক্সপ্রেসে ‘নতুন অতিথি’! চলন্ত ট্রেনেই প্রসব পরিযায়ী শ্রমিকের স্ত্রীর, রেল পুলিশের তৎপরতায় রক্ষা

চলন্ত ট্রেনের কামরা এখন প্রসূতি কক্ষ! ডাউন এসএমভিটি বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট যশবন্তপুর এক্সপ্রেসে (১২৮৬৪) এক অভাবনীয় ঘটনার সাক্ষী থাকলেন যাত্রীরা। ট্রেনের গতি যখন তুঙ্গে, তখনই এক পরিযায়ী শ্রমিকের স্ত্রী জন্ম দিলেন এক ফুটফুটে কন্যাসন্তানের। রেল পুলিশের তৎপরতায় মা ও শিশুকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
ঘটনার প্রেক্ষাপট: অসমের দারাঙ জেলার বাসিন্দা কচিরান নেশা তাঁর স্বামী বাহারুলের সঙ্গে কর্নাটকে থাকতেন। বাহারুল সেখানে চা বাগানের শ্রমিক। অন্তঃসত্ত্বা স্ত্রীর প্রসবের সময় এগিয়ে আসায় তাঁরা বেঙ্গালুরু থেকে অসমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ট্রেনটি ওড়িশার বালেশ্বর স্টেশন ছাড়ার পরই কচিরান বিবির তীব্র প্রসব বেদনা শুরু হয়। ট্রেনের কামরাতেই অন্য সহযাত্রী মহিলাদের সহায়তায় তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।
রেল পুলিশের তৎপরতা: খবর পেয়েই টিকিট পরীক্ষক খড়গপুর কন্ট্রোল রুমে যোগাযোগ করেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে ট্রেনটিকে তড়িঘড়ি বেলদা স্টেশনে থামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ট্রেনটি স্টেশনে পৌঁছাতেই রেল পুলিশ অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রসূতি ও সদ্যোজাতকে উদ্ধার করে। তাঁদের দ্রুত বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বর্তমানে মা ও শিশু—উভয়ই সুস্থ আছেন। রেলের এই দ্রুত পদক্ষেপে খুশি ওই পরিবার ও সহযাত্রীরা।