শ্বশুরবাড়ির ‘টাকা’র চাহিদা না মেটানোয় চরম পরিণতি! সুইসাইড নোটে ৩ জনের নাম লিখে বিদায় যুবকের

শ্বশুরবাড়ির নির্যাতনে প্রাণ হারালেন জলগাঁওয়ের যুবক মহারাষ্ট্রের জলগাঁও জেলার ভাতখেড়া গ্রামে পারিবারিক অশান্তির জেরে এক যুবকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম গৌরব জ্ঞানেশ্বর বড়গুজর। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই গৌরবের ওপর টাকার জন্য চাপ দিচ্ছিল তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা। টাকা দিতে না পারায় ক্রমাগত হুমকি ও মানসিক নির্যাতন চালানো হতো তাঁর ওপর। মৃত্যুর আগে এক চিঠিতে গৌরব তাঁর শাশুড়ি অনিতা বড়গুজর, শ্যালিকা গৌরী গড়ুড় এবং শ্যালক ভাটু গড়ুড়কে সরাসরি দায়ী করে গিয়েছেন। কসোদা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা দায়ের হয়েছে।
ঘটনা ২: পুলিশি অপমানে ৫ তলা থেকে ঝাঁপ ২৩ বছরের রাজের অন্যদিকে, মধ্যপ্রদেশের ইন্দোরে পুলিশি হেনস্থার জেরে আত্মহত্যার অভিযোগ উঠেছে রাজ মাকোয়ানা নামে এক যুবকের বিরুদ্ধে। পরিবারের দাবি, রাজ মানসিক অবসাদ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার রাতে একটু খোলা হাওয়ার জন্য আবাসনের নিচে নামলে নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসা হয় তাঁর। খবর পেয়ে পুলিশ এসে অসুস্থ রাজকে প্রকাশ্যেই চড় মারে বলে অভিযোগ। বোন নিকিতার দাবি, রাজ বারবার ‘সরি’ বললেও পুলিশ শোনেনি। আতঙ্কে ও অপমানে ঘরে ফিরে ৫ তলা থেকে ঝাঁপ দেন রাজ। পুলিশ মারধরের কথা অস্বীকার করলেও ঘটনার তদন্ত শুরু হয়েছে।