বেআইনি টাকা ও পেশ পেশিশক্তি রুখতে কড়া পদক্ষেপ! ২০২৬ নির্বাচনের আগে এনফোর্সমেন্ট অফিসারদের চরম হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর উত্তাপ বাড়তে শুরু করেছে। নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে বসল ভারতের নির্বাচন কমিশন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এই বৈঠকে মূলত জোর দেওয়া হয়েছে অবাধ, স্বচ্ছ এবং শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ার ওপর। দিল্লির শীর্ষ আধিকারিকদের নজরদারি এখন সরাসরি বাংলার নির্বাচনী প্রস্তুতিতে।
শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে রণকৌশল এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার (Sr. DEC), ডেপুটি ইলেকশন কমিশনার (DEC), ডিরেক্টর জেনারেল (DG) এবং প্রিন্সিপাল সেক্রেটারিরা। তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক (CEO) এবং স্পেশাল রোল অবজারভাররা। মূলত বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সির নোডাল অফিসারদের সঙ্গে সমন্বয় বাড়িয়ে ভোটের সময় বেআইনি অর্থ লেনদেন এবং সামগ্রী পাচার রোখাই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য।
শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে কড়া বার্তা কমিশন সূত্রে খবর, আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা এবং স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এনফোর্সমেন্ট এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনওভাবেই ভোটের উৎসবে বিশৃঙ্খলা বা অবৈধ প্রভাব খাটানো না যায়। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই প্রস্তুতি সেরে রাখতে চাইছে কমিশন, যাতে ভোট প্রক্রিয়া শুরু হলে প্রশাসনিক কোনও ত্রুটি না থাকে। স্বচ্ছতা বজায় রাখতে বিভিন্ন দফতরের মধ্যে নিয়মিত তথ্য আদান-প্রদান এবং সমন্বয় বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।