তৃণমূলের সাসপেন্ডেড বিধায়কের বাড়িতে ১২ জন কমান্ডো! শাহের মন্ত্রকের ‘Y+’ নিরাপত্তায় ঘিরে ফেলা হলো রেজিনগর

মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক তথা তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া নেতা হুমায়ুন কবীরের নিরাপত্তা এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার হোলির আমেজেই ১২ সদস্যের কেন্দ্রীয় বাহিনীর একটি দল পৌঁছে গিয়েছে হুমায়ুনের রেজিনগরের বাড়িতে। ‘Y প্লাস’ ক্যাটাগরির এই নিরাপত্তায় রয়েছেন একজন ইনস্পেক্টর, একজন সাব-ইনস্পেক্টর এবং ১০ জন কনস্টেবল। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের ঠিক আগে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক তর্জা।
আদালতের নির্দেশে কেন্দ্রর সুরক্ষা কবচ দীর্ঘদিন ধরেই খুনের হুমকি পাচ্ছিলেন বলে দাবি করে আসছিলেন হুমায়ুন কবীর। রাজ্যের কাছে নিরাপত্তা চেয়েও সাড়া না মেলায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আদালতের নির্দেশের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পরিস্থিতি খতিয়ে দেখে এই উচ্চপর্যায়ের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয়। হুমায়ুন কবীর জানিয়েছেন, “রাজ্য সরকার নিরাপত্তা না দেওয়ায় আমি নিরুপায় হয়ে আদালতের শরণাপন্ন হয়েছিলাম। দিল্লির এই সবুজ সংকেত আমার নিরাপত্তার জন্যই।”
তৃণমূলের কটাক্ষ ও নতুন দলের সমীকরণ তৃণমূল ছেড়ে নিজের নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’ গড়েছেন হুমায়ুন। ইতিমধ্য়েই নির্বাচন কমিশন তাঁর দলকে স্বীকৃতিও দিয়েছে। এই পরিস্থিতিতে তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়াকে মোদী-শাহের সাথে গোপন সখ্যতা হিসেবে দেখছে জোড়াফুল শিবির। তৃণমূল নেতাদের দাবি, এটি বাবরি মসজিদ বানানোর পুরস্কার নাকি রাজনৈতিক আঁতাত—তা সময় বলবে। তবে হুমায়ুন নিজে কোনো আঁতাতের তত্ত্ব মানতে চাননি। মুর্শিদাবাদের বেলডাঙায় নতুন দলের শক্তি প্রদর্শনের পর হুমায়ুনের এই ‘Y প্লাস’ নিরাপত্তা পাওয়া জেলার নির্বাচনী সমীকরণ ওলটপালট করে দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।