‘শুরু করেছে ওরা, শেষ করব আমরা!’ দিল্লি থেকে আমেরিকাকে সরাসরি হুঁশিয়ারি ইরানি রাষ্ট্রদূতের

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে এবার ভারতের বুক থেকে গর্জে উঠল ইরান। বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ডঃ মহম্মদ ফাতানি স্পষ্ট জানিয়ে দিলেন, “যুদ্ধ শুরু করেছে আমেরিকা ও ইজরায়েল, কিন্তু শেষ করবে ইরান।” তাঁর দাবি, ইরান কখনওই যুদ্ধ চায়নি, কিন্তু এখন যখন সংঘাত শুরু হয়েই গিয়েছে, তখন এর সমাপ্তি কবে হবে তা তেহরানই স্থির করবে।
প্রতিবেশী দেশ ও আমেরিকার ঘাঁটি: ফাতানি জানান, ইরান তার প্রতিবেশী দেশগুলোর (সৌদি আরব, কাতার, আবু ধাবি) ওপর হামলা চালাচ্ছে না, বরং সেখানে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকে নিশানা করছে। তাঁর অভিযোগ, ইরানের স্কুলে হামলা চালিয়ে ১৬০ জনেরও বেশি শিশুকন্যাকে হত্যা করা হয়েছে এবং এই হামলাগুলো প্রতিবেশীদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটি থেকেই চালানো হয়েছিল। খামেনেই হত্যার বদলা নিতে ইরান যে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত, রাষ্ট্রদূতের বয়ানে সেই ইঙ্গিতই স্পষ্ট।