রাজ্যে স্বাস্থ্য দফতরের মাস্টারস্ট্রোক! সরকারি-বেসরকারিতে ফ্রি ক্যানসার টিকা; সুবিধা পাবে ৯-১৪ বছরের কিশোরীরা

বাংলার জনস্বাস্থ্য পরিকাঠামোয় এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হলো। জরায়ুমুখের ক্যানসার বা সারভাইকাল ক্যানসার প্রতিরোধে এবার বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতেও বিনামূল্যে দেওয়া হবে হিউম্যান প্যাপিলোমাভাইরাস (HPV) টিকা। ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামের আওতায় এই পরিষেবা চালুর নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর।
পুরো প্রক্রিয়া ও নির্দেশিকা:
-
নিখরচায় টিকা: কোনো বেসরকারি প্রতিষ্ঠান এই টিকার জন্য কোনো অর্থ নিতে পারবে না। ইতিমধ্যেই কেন্দ্র থেকে ৩ লক্ষ টিকার ভায়াল রাজ্যে পৌঁছেছে।
-
কাদের জন্য: মূলত ৯ থেকে ১৪ বছর বয়সি কিশোরী এবং পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রীদের এই টিকাদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
-
সেশন গাইডলাইন: বেসরকারি হাসপাতালগুলি সপ্তাহে সর্বোচ্চ দু’দিন (সাধারণত বুধ ও বৃহস্পতিবার) এই টিকাকরণ কর্মসূচি চালাতে পারবে।
-
সুরক্ষা ব্যবস্থা: টিকাদানের পর অন্তত ৩০ মিনিট পর্যবেক্ষণে রাখা বাধ্যতামূলক। এর জন্য প্রতিটি হাসপাতালে আলাদা অবজারভেশন রুম ও ওয়েটিং এরিয়া থাকা চাই।