দিল্লিতে কমিশনের দরজায় কংগ্রেস! এসআইআর জট না মেটালে ভোট ঘোষণা নয়, আর্জি শুভঙ্কর-ইশা খানদের

বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ‘এসআইআর’ বা ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া নিয়ে এবার সরাসরি দিল্লিতে নির্বাচন কমিশনের দরজায় কড়া নাড়ল প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার দুপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে ইশা খান চৌধুরী ও আশুতোষ চট্টোপাধ্যায়ের মতো নেতারা জাতীয় নির্বাচন কমিশনের কার্যালয়ে পৌঁছান। তাঁদের দাবি, ভোটার তালিকায় যে চরম অসংগতি রয়েছে, তার সমাধান না হওয়া পর্যন্ত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা চলবে না।
অধীরের কড়া চিঠি: কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী ইতিপূর্বেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর সাফ বক্তব্য, প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম এখনও ‘বিবেচনাধীন’ তালিকায় রয়েছে। অধীরবাবুর আশঙ্কা, একবার ভোটের দিন ঘোষণা হয়ে গেলে এই বিশাল সংখ্যক মানুষ ভোটাধিকার হারাবেন। তাই সম্পূর্ণ তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত কমিশন যেন নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ না করে।
রাজনৈতিক চাপানউতোর: ইতিমধ্যেই এই ইস্যু নিয়ে রাজপথে আন্দোলনে নেমেছে বামেরা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভোটার তালিকা সংশোধনী নিয়ে কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন। এবার কংগ্রেসের এই পদক্ষেপ প্রমাণ করে দিল যে, আসন্ন নির্বাচনে বাংলায় ‘ভোটার তালিকা’ই প্রধান রাজনৈতিক অস্ত্র হতে চলেছে।