তৃণমূলে ‘পুরনো চাল’ ব্রাত্য! রাজীব-মেনকাদের মনোনয়ন আসলে ঋণশোধ; বিস্ফোরক শুভেন্দু

আসন্ন রাজ্যসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজীব কুমার, মেনকা গুরুস্বামী, কোয়েল মল্লিক এবং বাবুল সুপ্রিয়—তৃণমূলের এই চার প্রার্থীর নাম ঘোষণা হতেই শুভেন্দুর দাবি, যাঁরা দুর্নীতির মামলা থেকে সরকারকে বাঁচিয়েছেন, এটি তাঁদের ‘পুরস্কার’।

পুরনো নেতাদের বঞ্চনা: শুভেন্দু অধিকারীর অভিযোগ, যাঁরা তৃণমূল দলটা তৈরি করেছিলেন, সেই সুব্রত বক্সীর মতো প্রবীণ নেতাদের জোর করে ‘বাণপ্রস্থে’ বা রাজনৈতিক অবসরে পাঠানো হচ্ছে। তিনি বলেন, “যাঁরা যৌবন থেকে দলটা করলেন, তাঁদের সরিয়ে দিয়ে আইপিএস বা আইনজীবীদের আনা হচ্ছে। রাজীব কুমারকে সারদার তথ্য নষ্ট করার জন্য ‘রিওয়ার্ড’ এবং মেনকা গুরুস্বামীকে আরজি কর কাণ্ডে অভিযুক্তদের আড়াল করার জন্য ‘গিফট’ দেওয়া হয়েছে।”

বিজেপির প্রার্থী রাহুল সিনহা: তৃণমূলের নবাগতদের বিপরীতে বিজেপি তাদের ঘরের ছেলে ও পরীক্ষিত নেতা রাহুল সিনহাকে প্রার্থী করেছে। বৃহস্পতিবার বিধানসভায় তাঁর মনোনয়ন পেশের পর শুভেন্দু জানান, বিজেপি তার অভ্যন্তরীণ গণতন্ত্র মেনে ৫টি নামের তালিকা থেকে রাহুল সিনহাকে বেছে নিয়েছে। এই সময় প্রশাসনিক জটিলতা নিয়ে সরব হয়ে তিনি দাবি করেন, সরকারি ছুটির কারণে ভোটার তালিকার সার্টিফাইড কপি পেতে তাঁদের যথেষ্ট বেগ পেতে হয়েছে।