পরিবারকে বাঁচাতে ট্রাম্প-বাইডেনকে খুনের ছক! মার্কিন আদালতে বিস্ফোরক দাবি পাক নাগরিকের

মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রুকলিন আদালতে এক রোমহর্ষক স্বীকারোক্তি দিলেন পাকিস্তানি নাগরিক আসিফ মার্চেন্ট। তাঁর দাবি, ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের মতো শীর্ষস্থানীয় মার্কিন নেতাদের হত্যার চক্রান্তে তাঁকে বাধ্য করেছিল ইরানের গোয়েন্দারা। ৪৭ বছর বয়সী এই পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে সন্ত্রাসবাদ এবং ভাড়ায় খুনি নিয়োগের অভিযোগ রয়েছে।

পরিবারকে জিম্মি করার অভিযোগ: আদালতে আসিফ জানান, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর সদস্য মেহরদাদ ইউসুফ তাঁকে এই মিশনে নিয়োগ করেন। আসিফের দাবি, ইরানে তাঁর স্ত্রী ও সন্তানদের বন্দুক দেখিয়ে হুমকি দেওয়া হয়েছিল। তিনি বলেন, “আমার পরিবার বিপদে ছিল, তাই এই চক্রান্তে জড়ানো ছাড়া আমার কাছে আর কোনও উপায় ছিল না।”

নিশানায় ছিলেন ৩ হেভিওয়েট: আসিফের বয়ান অনুযায়ী, ২০২৪-এর এপ্রিলে তাঁকে আমেরিকায় পাঠানো হয়। তাঁর টার্গেট লিস্টে ছিল তিনটি নাম: ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন এবং নিকি হ্যালি। এফবিআই-এর আন্ডারকাভার এজেন্টদের খুনি ভেবে ৫,০০০ ডলার অগ্রিমও দিয়েছিলেন তিনি। তবে আসিফের দাবি, তিনি জানতেন এই পরিকল্পনা সফল হবে না। তিনি আসলে মার্কিন সরকারের সাহায্য নিয়ে ‘গ্রিন কার্ড’ পেতে চেয়েছিলেন। দোষী সাব্যস্ত হলে আসিফের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।