শান্তিনিকেতনে শতবর্ষের ‘নটীর পূজা’! বসন্তোৎসবের সন্ধ্যায় ফিরছে রবীন্দ্রনাথের সেই ম্যাজিক

এবার শান্তিনিকেতনের বসন্তোৎসব এক অনন্য ইতিহাসের সাক্ষী হতে চলেছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অমর নাটক ‘নটীর পূজা’ ১০০ বছরে পদার্পণ করল। এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ৬ মার্চের বসন্তোৎসবের সন্ধ্যায় সঙ্গীতভবনের উদ্যোগে মঞ্চস্থ হবে এই নাটক। তবে এটি আর পাঁচটা নাটকের মতো নয়; ১৯২৬ সালে স্বয়ং কবিগুরু যেভাবে এই নাটক পরিচালনা করেছিলেন, ঠিক সেই আদলেই একে ফিরিয়ে আনা হচ্ছে মঞ্চে।
শতবর্ষ আগের সেই আবহ ও সাজপোশাক বিশ্বভারতীর রবীন্দ্রভবনের আর্কাইভ থেকে সংগৃহীত পুরনো ছবি, নথি এবং স্কেচ দেখে পুনর্নির্মাণ করা হয়েছে নটীর পূজার মঞ্চসজ্জা ও পোশাক। নাটকের পরিচালক অধ্যাপক অমর্ত্য মুখোপাধ্যায় জানিয়েছেন, শতবর্ষ আগে নন্দলাল বসুর কন্যা গৌরী বসু যে ভঙ্গিমায় নটীর চরিত্রে অভিনয় করেছিলেন, সেই ঐতিহ্যকেই বর্তমানের ছাত্রছাত্রীরা অনুসরণ করছেন। তৎকালীন ‘ভদ্র সমাজ’-এর মেয়েদের প্রথমবার মঞ্চে আসার সেই বিপ্লবকে পুনরায় জীবন্ত করা হচ্ছে।
হেরিটেজ রক্ষা ও নতুন আঙ্গিক ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ তকমা পাওয়ার পর বিশ্বভারতী এখন অনেক বেশি সচেতন। স্থাপত্য ও পরিবেশ রক্ষা করতে এখন আর দোলের দিন মূল অনুষ্ঠান হয় না। ৬ মার্চ গৌরপ্রাঙ্গণে বসন্তোৎসবের মূল অনুষ্ঠানের পর সন্ধ্যায় উত্তরায়ণের কোণার্ক ও শ্যামলী গৃহের সংলগ্ন এলাকায় কবির ঘরানাতেই মঞ্চস্থ হবে এই নাটক। ১৯৩২ সালে এই নাটকের চলচ্চিত্র রূপ দিয়েছিলেন খোদ কবিগুরু, এবার সেই স্মৃতিই ফিরে আসবে শান্তিনিকেতনের লাল মাটিতে।