বিধানসভায় কোয়েল-রাজীবদের মেলা! তৃণমূলের হয়ে রাজ্যসভায় মনোনয়ন জমা তারকাদের, কী বললেন রঞ্জিত-কন্যা?

বৃহস্পতিবার জমজমাট পশ্চিমবঙ্গ বিধানসভা। রাজ্যসভার প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট চারমূর্তি— মেনকা গুরুস্বামী, রাজীব কুমার, বাবুল সুপ্রিয় এবং কোয়েল মল্লিক আনুষ্ঠানিকভাবে তাঁদের মনোনয়ন পত্র জমা দিলেন। গ্ল্যামার, প্রশাসন এবং আইনের জগতের এই সংমিশ্রণ রাজ্য রাজনীতির আঙিনায় আজ এক নতুন মাত্রা যোগ করেছে।

‘সবে যাত্রা শুরু’— উচ্ছ্বসিত কোয়েল স্বামী নিসপাল সিং রানেকে সঙ্গে নিয়ে এদিন বিধানসভায় হাজির হন টলিউড কুইন কোয়েল মল্লিক। মনোনয়ন জমা দিয়ে তিনি বলেন, “২২ বছরের ফিল্মি কেরিয়ারে মানুষের অগাধ ভালোবাসা পেয়েছি। এই নতুন জার্নিতেও তাঁদের আশীর্বাদ চাই। বিধানসভায় আজ প্রথমবার পা রেখে এক অনন্য অভিজ্ঞতা হলো।”

রাজীব কুমারের মুখে মাদার টেরিজার বাণী প্রাক্তন পুলিশকর্তা রাজীব কুমারকে এবার সংসদীয় রাজনীতিতে দেখা যাবে। রাজনীতির নতুন ইনিংস শুরুর প্রাক্কালে তিনি বলেন, “মাদার টেরিজা বলতেন, ঈশ্বর আমাদের ওপর ততটুকুই দায়ভার দেন যা আমরা বইতে পারি। তবে আমি চাই ভগবান যেন আমায় অতটা বিশ্বাস না করেন!” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

লড়াকু মেনকা ও খোশমেজাজে বাবুল সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী এদিন অত্যন্ত সম্মানিত বোধ করছেন বলে জানান। তবে কোন কোন ইস্যু নিয়ে তিনি সংসদে সরব হবেন, তা এখনই খোলসা করতে চাননি। অন্যদিকে, বিধানসভার ভেতরে খোশমেজাজে মিষ্টি খেতে দেখা গেল মন্ত্রী বাবুল সুপ্রিয়কে। মনোনয়ন জমা দিয়ে তিনি দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পালটা লড়াইয়ে বিজেপি তৃণমূলের চার প্রার্থীর পাশাপাশি এদিন বিজেপির পক্ষ থেকে মনোনয়ন জমা দিতে পৌঁছান রাহুল সিনহা। গলায় বাঁকে বিহারীর উত্তরীয় এবং সঙ্গে শমীক ভট্টাচার্যকে নিয়ে হাজির হয়ে তিনিও নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেন।