জি বাংলার মেগা সিরিয়ালে বিরাট ওলটপালট! ৯ মার্চ থেকে বদলে যাচ্ছে ‘বেশ করেছি প্রেম করেছি’-র সময়, বিপাকে দর্শক?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি’ নিয়ে বড় খবর! জেন-জি প্রেমের মিষ্টি গল্প দিয়ে শুরু হওয়া এই মেগা ইতিমধ্যেই দর্শকদের ড্রয়িংরুমে পাকাপাকি জায়গা করে নিয়েছে। স্কুল জীবনের প্রেম, পারিবারিক সংঘাত আর স্বয়ম-জুঁইয়ের রসায়ন— সব মিলিয়ে টিআরপি তালিকায় নজর কাড়ছে এই সিরিয়াল। কিন্তু এবার এই ধারাবাহিকের সম্প্রচারের সময় বদলে যাচ্ছে।

কখন দেখা যাবে এই মেগা?
এতদিন সন্ধ্যা ৭টার স্লটে সম্প্রচারিত হত ‘বেশ করেছি প্রেম করেছি’। তবে আগামী ৯ মার্চ থেকে এই সময় বদলে যাচ্ছে। এক ঘণ্টা এগিয়ে এসে এখন থেকে এই ধারাবাহিক দেখা যাবে সন্ধ্যা ৬টায়। এতদিন এই সময়ে দর্শক ‘কুসুম’ ধারাবাহিকটি দেখতেন। এখন থেকে ‘কুসুম’-এর জায়গায় স্বয়ম-জুঁইয়ের প্রেমকাহিনি ফুটে উঠবে পর্দায়। অন্যদিকে, ‘কুসুম’ সরে যাচ্ছে অন্য স্লটে। চ্যানেলে একগুচ্ছ নতুন ধারাবাহিকের আগমনের কারণেই এই তড়িঘড়ি রদবদল বলে মনে করা হচ্ছে।

গল্পে এখন কোন মোড়?
ধারাবাহিকের গল্পে এখন তুঙ্গে উত্তেজনা। প্রভাবশালী বাড়ির অহংকারী মেয়ে জুঁইয়ের বিয়ে ঠিক করেছে তার জাঁদরেল বাবা। কিন্তু জুঁই মনে মনে ভালোবাসে লাজুক ও সাধারণ ছেলে স্বয়মকে। বিয়ের পিঁড়িতে বসার বদলে মণ্ডপ ছেড়ে পালানোর ছক কষেছে জুঁই, আর তাতে সঙ্গ দিচ্ছে তার ঠাম্মি। বিয়ের কনের সাজেই স্বয়মের কাছে পৌঁছে যায় জুঁই। কিন্তু জুঁইয়ের বাবা কি এত সহজে এই সম্পর্ক মেনে নেবেন? স্বয়ম-জুঁইয়ের এই অসম লড়াই কোন দিকে মোড় নেবে, তা জানতেই দর্শকদের নজর এখন আগামী পর্বগুলোর দিকে।