দুপুরের পাতে সজনে ফুলের ম্যাজিক! মাত্র ১০ মিনিটে বানান এই স্পেশাল ‘বাটি চচ্চড়ি’, আঙুল চাটবে সবাই

প্রতিদিন রান্নাঘরে কী রান্না হবে, তা নিয়ে মা-কাকিমাদের চিন্তার শেষ নেই। বিশেষ করে এই ঋতু পরিবর্তনের সময়ে মুখে অরুচি আসা খুব স্বাভাবিক। সারাক্ষণ খুন্তি নাড়তে কারই বা ভালো লাগে? তাই স্বাদে বদল আনতে আর শরীরের যত্ন নিতে আজই ট্রাই করতে পারেন বাঙালির অতি প্রিয় এবং স্বাস্থ্যকর ‘সজনে ফুলের বাটি চচ্চড়ি’।

কেন খাবেন সজনে ফুল?
চিকিৎসকদের মতে, বসন্তকালে সজনে ডাটা বা ফুল খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তবে সজনে ডাল বা চচ্চড়ি খেয়ে যদি মুখ চটকে গিয়ে থাকে, তবে এই ‘বাটি চচ্চড়ি’ হবে আপনার সেরা বিকল্প। খুব কম সময়ে এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এই পদ।

প্রয়োজনীয় উপকরণ:
এই সুস্বাদু পদটি তৈরি করতে আপনার লাগবে: ৫ কাপ তাজা সজনে ফুল, ১টি মাঝারি মাপের বেগুন, ২টি ছোট আলু (কুচানো), ১ মুঠো কড়াইশুঁটি, ১ চা চামচ নুন, আধা চামচ হলুদ, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ টেবিল চামচ পোস্ত, ১ টেবিল চামচ সাদা সর্ষে, ২-৩টি কাঁচা লঙ্কা, ৪-৫ টেবিল চামচ খাঁটি সর্ষের তেল, ১ চা চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো এবং সামান্য চিনি।

প্রস্তুত প্রণালী:
প্রথমে সজনে ফুল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। বেগুন ডুমো করে এবং আলু ছোট টুকরো করে কাটুন যাতে দ্রুত সেদ্ধ হয়। সর্ষে ও পোস্ত ২০ মিনিট ভিজিয়ে রেখে একটি কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে নিন।

এবার আসল ট্রিক! একটি কড়াই বা বড় বাটিতে সজনে ফুল, আলু, বেগুন, কড়াইশুঁটি নিন। তাতে সর্ষে-পোস্ত বাটা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এবং ৩ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখুন। মাখতে মাখতে দেখবেন ফুলগুলো নরম হয়ে এসেছে। এবার সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে রান্না করুন।

আলু সেদ্ধ হয়ে এলে সামান্য চিনি, চেরা কাঁচা লঙ্কা, এক চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো (স্বাদ ও ঘনত্বের জন্য) এবং ওপর থেকে ১-২ চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিন। গরম ভাতের সাথে এই সজনে ফুলের বাটি চচ্চড়ি জাস্ট জমে যাবে!