ওয়াংখেড়েতে বদলার সেমিফাইনাল! পরিসংখ্যানে কি হেভিওয়েট ইংল্যান্ডকে ওড়াতে পারবে টিম ইন্ডিয়া?

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ধাক্কা খাওয়ার পর ঘুরে দাঁড়িয়েছে ভারত। জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে দাপটের সঙ্গে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। অন্যদিকে, অন্য গ্রুপে দাপট দেখিয়ে অপরাজিত থেকে শেষ চারে এসেছে হ্যারি ব্রুকের ইংল্যান্ড। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ভারতের ঘরের মাঠ হলেও, বর্তমান ফর্মের বিচারে কিন্তু ইংল্যান্ডকে হালকাভাবে নেওয়া যাবে না।
হেড-টু-হেড: পরিসংখ্যানে কে এগিয়ে?
পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি ফরম্যাটে দু-দল মোট ২৯ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ১৭ বার এবং ইংল্যান্ড জিতেছে ১২ বার। বিশ্বকাপের মঞ্চে পাঁচবারের সাক্ষাতে ভারত ৩-২ ব্যবধানে এগিয়ে রয়েছে। ফলে কাগজ-কলমে নীল বাহিনী কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকলেও সেমিফাইনালের মঞ্চে লড়াই হবে সেয়ানে-সেয়ানে।
সঞ্জু ম্যাজিক ও ভারতের ব্যাটিং গভীরতা:
ভারতীয় দলে ওপেনার হিসেবে সঞ্জু স্যামসনের অন্তর্ভুক্তিতে ভারসাম্য অনেক বেড়েছে। শেষ ম্যাচে ইডেনে অপরাজিত ৯৭ রানের মহাকাব্যিক ইনিংস খেলে দলকে রেকর্ড রান তাড়া করে জেতানো সঞ্জু এখন আত্মবিশ্বাসে টগবগ করছেন। তাঁর সঙ্গে অধিনায়ক সূর্যকুমার যাদব, তিলক বর্মা ও ঈশান কিষাণরা ব্যাটিং স্তম্ভকে মজবুত করেছেন। তবে ওপেনিংয়ে অভিষেকের অফ-ফর্ম কোচ গৌতম গম্ভীরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
বোলিং নিয়ে চিন্তা:
ভারতের প্রধান শক্তি বুমরা ও অর্শদীপ হলেও স্পিন বিভাগ নিয়ে কিছুটা সংশয় রয়েছে। বিশ্বের এক নম্বর বোলার বরুণ চক্রবর্তী সুপার এইটে বেশ খরুচে প্রমাণিত হয়েছেন। হার্দিক পাণ্ড্যর বোলিং ধারাবাহিকতার অভাবও ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। অন্যদিকে, হ্যারি ব্রুকের চওড়া ব্যাটের পাশাপাশি উইল জ্যাকসের অলরাউন্ড পারফরম্যান্স ইংল্যান্ডের বড় অস্ত্র। আইপিএলে খেলার সুবাদে মুম্বইয়ের পিচ জ্যাকসের নখদর্পণে। এখন দেখার, ওয়াংখেড়ের লাল মাটিতে শেষ হাসি কে হাসে!