বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপের ফ্রি পরিষেবা? পকেট থেকে খসবে টাকা, বড় সিদ্ধান্ত নিল মেটা!

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) কি এবার টাকার বিনিময়ে ব্যবহার করতে হবে? মেটার সাম্প্রতিক পরিকল্পনা ঘিরে সাধারণ মানুষের মনে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। জানা গেছে, মেটা তাদের প্ল্যাটফর্মে একটি ঐচ্ছিক (Optional) প্রিমিয়াম সাবস্ক্রিপশন মডেল আনার প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ, হোয়াটসঅ্যাপ সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের দিন কার্যত শেষ হতে চলেছে তাঁদের জন্য, যারা উন্নত ফিচার ব্যবহার করতে চান।
কাদের জন্য এই টাকা?
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, সাধারণ চ্যাটিং, অডিও বা ভিডিও কল আগের মতোই বিনামূল্যে চলবে। তবে বিশেষ কিছু উন্নত ফিচার বা কাস্টমাইজেশন টুলস ব্যবহারের জন্য গ্রাহকদের পকেট থেকে টাকা খরচ করতে হতে পারে। মূলত প্রফেশনাল বা ‘পাওয়ার ইউজারদের’ কথা মাথায় রেখেই এই সাবস্ক্রিপশন মডেল আনা হচ্ছে।
প্ৰিমিয়াম ফিচারে কী কী থাকছে?
রিপোর্ট অনুযায়ী, যারা সাবস্ক্রিপশন নেবেন তারা ৩টির বেশি চ্যাট পিন করা, কাস্টম অ্যাপ আইকন, নতুন চ্যাট রিংটোন এবং এক্সক্লুসিভ স্টিকারের মতো সুবিধা পাবেন। এছাড়াও থাকবে উন্নত অ্যানালিটিক্স টুলস এবং চ্যাট থিম পরিবর্তনের সুযোগ। বর্তমানে এটি বেটা ভার্সনে পরীক্ষা করা হচ্ছে এবং শীঘ্রই অফিসিয়াল ঘোষণা আসতে পারে।
সিম বাইন্ডিং ও ওয়েবে বড় বদল:
শুধু সাবস্ক্রিপশন নয়, ২ মার্চ ২০২৬ থেকে ভারতে সাইবার নিরাপত্তা বাড়াতে ‘সিম বাইন্ডিং’ (SIM Binding) নিয়ম বাধ্যতামূলক হচ্ছে। অর্থাৎ, যে নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ চলবে, সেই সিম কার্ডটি মোবাইলে থাকা জরুরি। অন্যদিকে, সরকারি নির্দেশিকা মেনে হোয়াটসঅ্যাপ ওয়েবেও বদল আসছে। ডেস্কটপ বা ল্যাপটপে লগ-ইন করা থাকলে প্রতি ৬ ঘণ্টা অন্তর তা স্বয়ংক্রিয়ভাবে লগ-আউট (Log out) হয়ে যাবে। ফলে সাধারণ ব্যবহারকারীদের ভয়ের কারণ না থাকলেও, হোয়াটসঅ্যাপের অন্দরমহলে বড় বদল এখন সময়ের অপেক্ষা।