গোপনে বিয়ে সেরে এবার গ্র্যান্ড রিসেপশন, হায়দরাবাদে ‘ভি-রশ’ জুটির রাজকীয় সংবর্ধনা!

নিজামের শহর হায়দরাবাদে বুধবারের রাতটা যেন সাধারণ ছিল না। দক্ষিণ ভারতের সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার গ্র্যান্ড রিসেপশন ঘিরে চারদিকে এখন আলোর রোশনাই। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিজয় পেয়েছেন তাঁর জীবনের ‘শ্রীভল্লি’কে, আর রশ্মিকা খুঁজে পেয়েছেন তাঁর বাস্তবের ‘স্বামী’কে। উদয়পুরে গোপন বিয়ের পর হায়দরাবাদের এই রিসেপশন যেন ছিল বলিউড এবং দক্ষিণী সিনেমার এক অনন্য মেলবন্ধন।
সাংস্কৃতিক শিকড়ে টান: রাজকীয় সাজপোশাক
বিজয় এবং রশ্মিকা তাঁদের জীবনের এই বিশেষ দিনে চাকচিক্য নয়, বরং বেছে নিয়েছিলেন আভিজাত্য এবং ঐতিহ্যকে। নিজেদের সংস্কৃতিকে সম্মান জানিয়ে রশ্মিকা পরেছিলেন মাইসোর সিল্ক শাড়ি। কাস্টম এই শাড়িটি বিশেষভাবে মধুরার দক্ষ শিল্পীদের দিয়ে তৈরি করানো হয়েছিল। রশ্মিকার কর্ণাটকি শিকড়কে সম্মান জানাতে শাড়িতে বোনা ছিল ‘গণ্ডবেরুন্ডা’ মোটিফ—যা কর্ণাটকের প্রতীক এবং এক পৌরাণিক দুই মাথাওয়ালা পাখির আদল, যা অসীম শক্তি ও সতর্কতার পরিচায়ক। মাথায় ফুলের মালা এবং সাবেকি সোনার গয়নায় রশ্মিকাকে লাগছিল অপরূপা। অন্যদিকে, বিজয় পরেছিলেন ক্লাসিক ভেস্তি, আইভরি কুর্তা এবং কাঁধে রাখা বিশেষ সিল্কের অঙ্গবস্ত্ররম।
তারকা ও রাজনীতির মেলবন্ধন
হায়দরাবাদের এই আসরে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন মেগাস্টার চিরঞ্জীবী, রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা। এছাড়া অভিনেতা নাগার্জুনা আক্কিনেনি এবং নাগা চৈতন্যও নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে আসেন। বলিউড থেকে এসেছিলেন নীনা গুপ্তা ও তাঁর স্বামী বিবেক মেহরা। তাঁদের সঙ্গে তোলা একটি মিষ্টি সেলফি মাসাবা গুপ্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা ভাইরাল হয়। উপস্থিত ছিলেন পরিচালক করণ জোহর, কৃতি স্যানন, আল্লু অর্জুন, ম্রুণাল ঠাকুর এবং রানা ডাগ্গাবুটিও।
বিনোদনের পাশাপাশি রাজনৈতিক জগতের হেভিওয়েটরাও ভিড় জমিয়েছিলেন। কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, বিআরএস কার্যকরী সভাপতি কেটি রামা রাও এবং কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি এই রাজকীয় রিসেপশনে অংশ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও সশরীরে আমন্ত্রণ জানিয়েছিলেন বিজয় ও রশ্মিকা। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যোগ দিতে না পারলেও চিঠির মাধ্যমে নবদম্পতিকে এক স্নেহভরা শুভেচ্ছা বার্তা পাঠান। ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে ঘনিষ্ঠ মহলে বিয়ের পর এই গ্র্যান্ড সেলিব্রেশন এখন নেটদুনিয়ায় টক অফ দ্য টাউন।