‘চিকনি চামেলি’ নিয়ে বিস্ফোরক গায়িকা শ্রেয়া ঘোষাল, কেন নিলেন এই কঠিন সিদ্ধান্ত?

নিউজ ডেস্ক: বছরের শুরুতেই প্লে-ব্যাক থেকে অবসরের ইঙ্গিত দিয়ে অরিজিৎ সিং ভক্তদের মনে বিষাদ ঢেলেছিলেন। সেই রেশ কাটতে না কাটতেই এবার বোমা ফাটালেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল। সাফ জানিয়ে দিলেন, ক্যাটরিনা কাইফের সেই আইকনিক ‘চিকনি চামেলি’-র মতো গান তিনি আর কোনোদিন রেকর্ড করবেন না। কিন্তু কেন এই হঠাৎ বৈরাগ্য?
নারীদের ‘পণ্য’ বানানোর বিরুদ্ধে গর্জে উঠলেন শ্রেয়া: সম্প্রতি এক পডকাস্টে শ্রেয়া ঘোষাল তাঁর কেরিয়ারের এক অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছেন। গায়িকা জানান, ‘চিকনি চামেলি’ সুপারহিট হওয়ার পর তাঁর কাছে এমন সব গানের প্রস্তাব আসছিল, যেখানে শব্দচয়ন ছিল অত্যন্ত কুরুচিকর এবং নারীদের ‘অবজেক্টিফাই’ বা পণ্য হিসেবে তুলে ধরা হচ্ছিল।
“চিকেন বানিয়ে খেয়ে নাও!”—গানের লাইনে কুপ্রস্তাব? শ্রেয়া জানান, তাঁর এক গীতিকার বন্ধু তাঁকে এমন একটি গানের অফার দিয়েছিলেন যার কথা ছিল— “আমাকে চিকেন বানিয়ে খেয়ে নাও” বা “আমাকে এভাবে ধরো”। এমন পঙ্কিল শব্দ শুনে রীতিমতো লজ্জা পেয়েছিলেন গায়িকা। সেই প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করে তিনি সিদ্ধান্ত নেন, স্রেফ জনপ্রিয়তার লোভে আর এমন সস্তা কথাযুক্ত গান গাইবেন না।
অতীত নিয়ে আক্ষেপ ও বর্তমান সতর্কতা: ‘চিকনি চামেলি’ নিয়ে শ্রেয়া বলেন, “তখন গানটি গাওয়ার সময় অনেক শব্দের গভীর অর্থ বা পরিণতি বোধ আমার ছিল না। কিন্তু এখন বুঝি, কিছু পঙ্ক্তি বেশ অস্বস্তিকর। মঞ্চে পারফর্ম করার সময় সামনে ছোট ছোট শিশুরা থাকে, তাদের সামনে এমন আপত্তিকর কথা গাইতে এখন আমার ভীষণ লজ্জা লাগে।”
ট্রোলিংয়ের কড়া জবাব: সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়লেও পিছু হঠতে রাজি নন এই বাঙালি তনয়া। তিনি স্পষ্ট বলেন, “আমি লজ্জিত নই, কারণ ওটা আমারই গান। কিন্তু ভবিষ্যতে আমি অনেক বেশি সতর্ক। ভালো গান মানেই তাতে অশ্লীলতা থাকতে হবে, এমনটা নয়।”
অরিজিৎ-শ্রেয়া জুটির প্লে-ব্যাক থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত কি তবে বলিউডের মিউজিক ইন্ডাস্ট্রিতে এক বিশাল শূন্যতা তৈরি করবে? প্রশ্নটা এখন কোটি কোটি ভক্তের মনে।