ইরান-ইজরায়েল যুদ্ধ: কতদিন চলবে ভারতের তেলের ভাণ্ডার? বড় তথ্য দিল কেন্দ্র!

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র থেকে ভেসে আসা ধোঁয়া এবার ভারতের জ্বালানি নিরাপত্তাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ইরান-ইজরায়েল এবং আমেরিকার মধ্যে ত্রিমুখী সংঘর্ষের জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণ পথ ‘হরমুজ প্রণালী’ এখন কার্যত অবরুদ্ধ। এই পরিস্থিতিতে ভারতের হাতে আর কতদিনের তেল মজুত রয়েছে, তা নিয়ে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ভাণ্ডারে কতদিনের তেল? সরকারি সূত্র ও সংবাদসংস্থা এএনআই-এর দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের কাছে এই মুহূর্তে প্রায় ২৫ দিনের অপরিশোধিত তেল এবং আরও ২৫ দিনের পরিশোধিত জ্বালানি (পেট্রোল-ডিজেল) মজুত রয়েছে। তবে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী আশ্বাস দিয়ে জানিয়েছেন যে, কৌশলগত ভাণ্ডার (Strategic Reserves) এবং তেল সংস্থাগুলোর মজুত মিলিয়ে ভারতের কাছে সব মিলিয়ে প্রায় ৭৪ দিনের জ্বালানি নিরাপত্তা রয়েছে।

বিকল্প পথের সন্ধানে দিল্লি ভারত তার প্রয়োজনের ৮৮ শতাংশ তেলই আমদানি করে। এর মধ্যে প্রায় অর্ধেকই আসে হরমুজ প্রণালী দিয়ে। বর্তমানে এই পথ বন্ধ থাকায় ইরাক, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহি থেকে তেল আসা ধাক্কা খেয়েছে। পরিস্থিতি সামাল দিতে সোমবারই জরুরি বৈঠকে বসেন পেট্রোলিয়াম মন্ত্রী। জানা গেছে, ভারত এখন আফ্রিকা, লাতিন আমেরিকা এবং আবারও রাশিয়ার থেকে তেল আমদানির পরিমাণ বাড়ানোর কথা ভাবছে।

দাম কি বাড়বে? এই যুদ্ধের আবহে অপরিশোধিত তেলের দাম বিশ্ববাজারে ব্যারেল প্রতি ১১০ ডলার ছাড়ানোর আশঙ্কা থাকলেও, কেন্দ্র জানিয়েছে যে আপাতত দেশে পেট্রোল বা ডিজেলের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই। পরিস্থিতির ওপর ২৪ ঘণ্টা নজর রাখতে মন্ত্রক একটি কন্ট্রোল রুমও খুলেছে। এখন দেখার, এই ২৫ থেকে ৭৪ দিনের ‘বাফার স্টক’ শেষ হওয়ার আগেই মধ্যপ্রাচ্যের মেঘ কাটে কি না।