পশ্চিম এশিয়ায় যুদ্ধ: ৫০ হাজার কোটির বাসমতি চাল রপ্তানি থমকে, মাথায় হাত ভারতের কৃষকদের!

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির ভয়াবহ প্রভাব পড়তে শুরু করেছে ভারতের অর্থনীতিতে। ইরান-ইজরায়েল সংঘাতের জেরে বন্ধ হয়ে গিয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ ‘হরমুজ প্রণালী’। এর ফলে ভারতের বাসমতি চাল রপ্তানি সম্পূর্ণ থমকে যাওয়ায় প্রায় ৫০ হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
রপ্তানিতে ধস, কমছে চালের দাম ভারত বিশ্বের বৃহত্তম বাসমতি চাল রপ্তানিকারক দেশ। বছরে প্রায় ৬০ লক্ষ টন চাল বিদেশে পাঠানো হয়, যার সিংহভাগ অর্থাৎ ৭৫ শতাংশ উৎপন্ন হয় পাঞ্জাব ও হরিয়ানায়। ইরান, ইরাক ও সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশগুলোতে এই চালের ব্যাপক চাহিদা থাকলেও, পথ বন্ধ হওয়ায় জাহাজ চলাচল স্থগিত। রপ্তানি বন্ধ হওয়ার ফলে ভারতের অভ্যন্তরীণ বাজারে বাসমতি চালের দাম কেজি প্রতি ৪-৫ টাকা কমে গিয়েছে, যা কৃষকদের বড়সড় লোকসানের মুখে ঠেলে দিচ্ছে।
অগ্নিমূল্য সোনা ও জ্বালানি তেল শুধুমাত্র চাল নয়, যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৫৭ শতাংশ পর্যন্ত বেড়ে ব্যারেল প্রতি ১১০ ডলারে পৌঁছাতে পারে। ভারতের তেলের চাহিদার প্রায় অর্ধেক এই হরমুজ প্রণালী দিয়ে আসে। ফলে আগামী দিনে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর আঁচ পড়েছে শেয়ার বাজারেও; সেনসেক্স ও নিফটি তলানিতে ঠেকেছে। হু হু করে বাড়ছে সোনার দামও—২৪ ক্যারাট সোনার দাম ইতিমধ্যেই ১ লক্ষ ৬৮ হাজার ছাড়িয়েছে।