“ভারত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে!” ভয়ে কাঁপছেন জারদারি? দিল্লির কাছে শান্তির ভিক্ষা চাইল ইসলামাবাদ

মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দাবানল জ্বলছে, ঠিক তখনই দক্ষিণ এশিয়ায় ঘনিয়ে আসছে আরও এক বড় সংঘাতের মেঘ। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি দাবি করেছেন, ভারত আবারও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। পাকিস্তানের সংসদে এক যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে জারদারি সরাসরি নয়া দিল্লিকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন। এই মুহূর্তে পশ্চিম এশিয়ার দেশগুলো যখন মৃত্যুমিছিলে ভাসছে, সেই আবহে পাক প্রেসিডেন্টের এই দাবি আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
যুদ্ধ নয়, শান্তি চাই: জারদারির আরজি জারদারি তাঁর ভাষণে বলেন, “ভারতীয় নেতারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে খবর আসছে। আমি সবসময়ই শান্তির পক্ষে, তাই যুদ্ধের সুপারিশ কখনওই করব না। দিল্লির প্রতি আমার বার্তা—যুদ্ধক্ষেত্র ছেড়ে আলোচনার টেবিলে আসুন। আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে এটাই একমাত্র পথ।” যদিও জারদারির এই দাবির প্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রক বা প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জল-সন্ত্রাসবাদ ও কাশ্মীর প্রসঙ্গ শুধুমাত্র যুদ্ধ নয়, সিন্ধু জলচুক্তি (Indus Waters Treaty) স্থগিত রাখার ভারতের সাম্প্রতিক সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন জারদারি। বিষয়টিকে তিনি ‘জল-সন্ত্রাসবাদ’ বলে আখ্যা দিয়ে অভিযোগ করেন যে ভারত জলকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। পাশাপাশি কাশ্মীর ইস্যু টেনে এনে তিনি জানান, যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে, দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি বজায় রাখা সম্ভব নয়।
অপারেশন সিঁদুর ২.০ এবং ভারতের অবস্থান উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে পহেলগাঁও হামলার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তানের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল। সম্প্রতি ভারতীয় সেনার তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছিল যে ‘অপারেশন সিঁদুর ২.০’ শুরু হতে চলেছে এবং তা আগের চেয়ে অনেক বেশি ভয়াবহ হবে। এই হুঁশিয়ারির পরেই জারদারির এমন ‘শান্তিকামী’ বয়ান আসলে পাকিস্তানের অভ্যন্তরীণ ভয়কেই প্রকট করছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।