তপ্ত তারকেশ্বর: বাড়িতে ঢুকে মারধর, চিকিৎসা করাতে গিয়েও আক্রান্ত বিজেপি! কাঠগড়ায় তৃণমূল

ভোটের বাদ্যি বাজার আগেই রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল হুগলির তারকেশ্বর। মঙ্গলবার দুপুরে তারকেশ্বরের ভীমপুর এলাকায় বিজেপি কর্মী নন্দন ভাণ্ডারির বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব সেখানে পৌঁছালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অভিযোগ, দুষ্কৃতীরা চড়াও হয় বিজেপি নেতাদের ওপরও। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী রক্তাক্ত হন।

হাসপাতালেও চলল তাণ্ডব, কাঠগড়ায় পুলিশ আক্রান্তদের উদ্ধার করে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেও রেহাই মেলেনি। অভিযোগ উঠেছে, পুলিশের উপস্থিতিতেই হাসপাতালের ভেতরে বিজেপি কর্মীদের ওপর দ্বিতীয় দফায় হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আক্রান্ত বিজেপি কর্মী সীমন্ত সামন্ত জানান, “সহকর্মীর বাড়িতে হামলার খবর শুনে গিয়েছিলাম, সেখানে আমাদের নৃশংসভাবে মারা হয়েছে।” এমনকি চিকিৎসা শেষে থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিশের সামনেই তাঁদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে তারকেশ্বর থানার সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা এবং পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন।

পাল্টা দাবি তৃণমূলের যদিও এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তারকেশ্বর ব্লক তৃণমূল সভাপতি প্রদীপ সিংহরায় পালটা দাবি করেছেন যে, বিজেপি কর্মীরাই উল্টে তাঁদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। বিজেপির আনা সমস্ত অভিযোগকে তিনি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। বর্তমানে গোটা এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।