আর মাত্র ২৫ দিনের তেল বাকি! যুদ্ধের গ্রাসে ভারত, সংকট সামাল দিতে ২৪ ঘণ্টার ‘ওয়ার রুম’ খুলল দিল্লি

মধ্যপ্রাচ্যে ইজরায়েল-ইরান যুদ্ধের বিধ্বংসী প্রভাব এবার সরাসরি আছড়ে পড়ল ভারতের জ্বালানি ভাণ্ডারে। পরিস্থিতির ভয়াবহতা বিচার করে এবং দেশে তেলের সরবরাহ নিশ্চিত করতে যুদ্ধকালীন তৎপরতায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলল নয়াদিল্লি। হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ভারতের হাতে মজুত তেলের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে দাঁড়িয়েছে। সরকারি সূত্রে খবর, দেশের ভাণ্ডারে বর্তমানে আর মাত্র ২৫ দিনের অপরিশোধিত ও পরিশোধিত তেল অবশিষ্ট রয়েছে। এই চরম সংকট মোকাবিলায় এবং বিদেশে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তায় একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে মোদী সরকার।

বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, তেলের মজুত ও সরবরাহ পরিস্থিতির ওপর প্রতি মুহূর্তে নজরদারি চালাবে এই কন্ট্রোল রুম। শুধু জ্বালানি নয়, বাহরাইন, ইরান, ইরাক, ইজরায়েল এবং সংযুক্ত আরব আমিরশাহীতে থাকা কয়েক লক্ষ ভারতীয় নাগরিকের সুরক্ষায় একটি আলাদা হেল্পলাইন ডেস্কও খোলা হয়েছে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কার্যকর থাকা এই কন্ট্রোল রুমের টোল-ফ্রি নম্বরগুলি হল— ১৮০০১১৮৭৯৭, ৯১-১১-২৩০১২১১৩, ৯১-১১-২৩০১৪১০৪, ৯১-১১-২৩০১৭৯০৫।

ভারতের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হয়েছে কাতারের এলএনজি উৎপাদন বন্ধ এবং সৌদি আরবের এলপিজি পাইপলাইনে হামলার ঘটনায়। রান্নার গ্যাসের জন্য ভারত মূলত সৌদির ওপর নির্ভরশীল। বর্তমানে সেই বিকল্প পথগুলি রুদ্ধ হওয়ায় নরওয়ে ও আমেরিকার থেকে আমদানি বাড়ানোর কথা ভাবছে দিল্লি। তবে সবথেকে বড় আশার আলো দেখিয়েছে রাশিয়া। পুতিনের দেশ ভারতকে নিরবচ্ছিন্ন তেল সরবরাহের আশ্বাস দিলেও সেখানে কাঁটা হয়ে দাঁড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক-হুমকি। রাশিয়ার থেকে তেল কেনা বাড়ালে ট্রাম্পের বাণিজ্যিক কোপে পড়ার সম্ভাবনা থাকলেও, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দিল্লি এখন কোন পথে হাঁটে, সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল। মাত্র এক সপ্তাহ আগেও যেখানে ৭৪ দিনের তেল মজুত ছিল, তা ২৫ দিনে নেমে আসায় দেশে বড়সড় পেট্রোল-ডিজেলের সংকটের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।