রান্না নিয়ে শাশুড়ির সঙ্গে অশান্তি! বেঙ্গালুরুতে আত্মঘাতী আইটি সংস্থার প্রাক্তন ইঞ্জিনিয়ার যুবতী

সিলিকন ভ্যালিতে পারিবারিক বিবাদের এক মর্মান্তিক পরিণতির সাক্ষী থাকল শহরবাসী। দীর্ঘদিনের পারিবারিক অশান্তি এবং শাশুড়ির গঞ্জনার জেরে আত্মহত্যার পথ বেছে নিলেন ৩৫ বছর বয়সি এক প্রাক্তন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। মৃতার নাম সুষমা, যিনি আগে নামী আইটি সংস্থা ‘ডেল’ (Dell)-এ কর্মরত ছিলেন। মঙ্গলবার বেঙ্গালুরুতে এই ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে খবর, পাঁচ বছর আগে পুনীত কুমারের সঙ্গে বিয়ে হয়েছিল সুষমার। তাঁদের চার বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। সুষমার পরিবারের অভিযোগ, ছোটখাটো বিষয় নিয়ে বাড়িতে প্রায়ই অশান্তি হত। বিশেষ করে খাবার রান্না করা নিয়ে শাশুড়ি কল্পনার সঙ্গে সুষমার বিরোধ চরম পর্যায়ে পৌঁছেছিল। অভিযোগ, শাশুড়ি তাঁকে রান্না করতে দিতেন না এবং প্রতিনিয়ত মানসিক নির্যাতন চালাতেন। সেই অপমান সহ্য করতে না পেরেই সুষমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অনুমান। সুষমার পরিবারের করা যৌতুক নির্যাতনের অভিযোগের ভিত্তিতে স্বামী পুনীতকে গ্রেফতার করেছে পুলিশ, তবে শাশুড়ি পলাতক।

অন্যদিকে, বেঙ্গালুরুতে আরও একটি রহস্যজনক আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে এসেছে। ২৭ বছর বয়সি এক তথ্যপ্রযুক্তি কর্মী বিদ্যাজ্যোতি এক জ্যোতিষীর করা ভবিষ্যৎবাণী শুনে অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। শুক্রবার সন্ধ্যায় বগলাগুন্তে এই ঘটনাটি ঘটেছে। পর পর দুই মহিলা টেকির মৃত্যুতে কর্নাটক জুড়ে শোরগোল পড়ে গিয়েছে।