পিএফ গ্রাহকদের জন্য সুখবর! ২০২৫-২৬ অর্থবর্ষের সুদের হার ঘোষণা করল EPFO, কত শতাংশ পাবেন আপনি?

দেশের প্রায় ৭ কোটি বেতনভুক কর্মচারীর জন্য দোল উৎসবের মুখেই বড় ঘোষণা করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। সোমবার সংস্থার সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের (CBT) ২৩৯তম বৈঠকে ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য পিএফ আমানতের ওপর সুদের হার স্থির করা হয়েছে। কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে, এবারও গ্রাহকদের ৮.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে। উল্লেখ্য, গত অর্থবর্ষেও (২০২৪-২৫) সুদের হার একই ছিল, অর্থাৎ টানা দুই বছর সুদের হারে স্থিতাবস্থা বজায় রাখল কর্তৃপক্ষ।

কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কেবল সুদ ঘোষণা নয়, আরও বেশ কিছু বৈপ্লবিক পরিবর্তনের কথা বলা হয়েছে:

  • সুদের হার: প্রস্তাবিত ৮.২৫% হারটি এখন অর্থ মন্ত্রকের চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে। সরকারি সবুজ সংকেত পেলেই সরাসরি গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা জমা শুরু হবে।

  • অ্যামনেস্টি স্কিম: পুরনো আইনি জটিলতা এবং মামলা মেটাতে একটি ‘ওয়ান-টাইম অ্যামনেস্টি স্কিম’ অনুমোদন করা হয়েছে, যা শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ছিল।

  • ডিজিটাল ও সামাজিক সুরক্ষা: ২০২৬ সালের জন্য নতুন পিএফ, পেনশন এবং বিমা (EDLI) স্কিম অনুমোদিত হয়েছে। এর পাশাপাশি পিএফ সংক্রান্ত অডিট এবং টাকা হস্তান্তরের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে আনা হয়েছে নতুন ‘সিম্পলিফাইড এসওপি’ (SOP)।

বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা এবং শেয়ার বাজারের টালমাটাল পরিস্থিতি থাকা সত্ত্বেও ইপিএফও-র বিনিয়োগ পোর্টফোলিও (বিশেষ করে ETF) ভালো রিটার্ন দেওয়ায় এই আকর্ষণীয় সুদের হার বজায় রাখা সম্ভব হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান বাজারে পিপিএফ (PPF) বা অন্যান্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের তুলনায় ইপিএফ-এর রিটার্ন অনেক বেশি লাভজনক এবং নিরাপদ।