রাজ্যসভায় চমক বিজেপির! হোলির দিনেই রাহুল সিনহার নাম ঘোষণা করল গেরুয়া শিবির

তৃণমূল কংগ্রেসের চার প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছিল— বিজেপির তুরুপের তাস কে? অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বড় ঘোষণা করল গেরুয়া শিবির। দোলের দিনেই বঙ্গ বিজেপি জানিয়ে দিল, পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় তাঁদের প্রার্থী হচ্ছেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্ষীয়ান নেতা রাহুল সিনহা।

গত কয়েকদিন ধরেই রাজ্যসভার টিকিট নিয়ে বিজেপির অন্দরে মিঠুন চক্রবর্তীর নাম শোনা যাচ্ছিল। দলের একাংশ চাইছিলেন মহাগুরুকে দিল্লি পাঠাতে, কারণ তাঁর আগে সংসদীয় অভিজ্ঞা রয়েছে। কিন্তু শেষমেশ দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব অভিজ্ঞ এবং লড়াকু সাংগঠনিক নেতা রাহুল সিনহার ওপরই ভরসা রাখল। অমিত শাহের উপস্থিতিতে বাংলায় বিজেপির রথযাত্রার সূচনার পরেই এই ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

কেন রাহুল সিনহা? রাহুল সিনহা পশ্চিমবঙ্গের বিজেপির অন্যতম চেনা মুখ। দলের কঠিন সময়ে তিনি রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন এবং বুথ স্তর পর্যন্ত সংগঠন বিস্তারে বড় ভূমিকা নিয়েছেন। কেন্দ্রীয় সম্পাদক হিসেবেও তিনি সফলভাবে কাজ করেছেন। দীর্ঘদিন ধরে রাজপথে লড়াই করা এই নেতাকে সংসদে পাঠিয়ে বিজেপি নেতৃত্ব বাংলার কর্মীদের কাছে এক বিশেষ বার্তা দিতে চাইল বলেই মত বিশেষজ্ঞদের। এবার বিধানসভা থেকে নির্বাচিত হয়ে তাঁর দিল্লি যাত্রা স্রেফ সময়ের অপেক্ষা।