আকাশপথেও যুদ্ধের আগুন! বাতিল একের পর এক আন্তর্জাতিক বিমান, দুবাইতে আটকে শুভশ্রী-সন্দীপ্তা

ইরান ও ইজরায়েলের মধ্যে বিধ্বংসী যুদ্ধের প্রভাব এবার সরাসরি আছড়ে পড়ল আকাশপথে। মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতার জেরে কলকাতা বিমানবন্দর থেকে বাতিল করা হয়েছে একের পর এক আন্তর্জাতিক বিমান। ৩ মার্চ ২০২৬ সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, কলকাতা থেকে দুবাই, দোহা এবং আবুধাবিগামী অন্তত ১০টি উড়ান বাতিল করা হয়েছে। এর ফলে পর্যটক থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রীড়াবিদ—সবাই এখন চরম অনিশ্চয়তার মুখে।

ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেই এবং তাঁর পরিবারের সদস্যদের মৃত্যুর পর পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। পাল্টা হিসেবে ইরান দুবাইয়ের মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালানোয় নিরাপত্তার স্বার্থে উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আটকে টলি সুন্দরী থেকে রাজনেতা-কন্যা: বিমান বাতিলের জেরে দুবাইতে আটকে পড়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, অভিনেত্রী সন্দীপ্তা সেনও দেশে ফিরতে পারছেন না বলে খবর। শুধু বিনোদন জগত নয়, সংকটে রাজনৈতিক মহলও। রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের স্ত্রী ও কন্যা মদিনায় আটকে পড়েছেন বলে জানা গিয়েছে।

খেলার মাঠেও যুদ্ধের ছায়া: যুদ্ধের জেরে বিদেশের মাটি যেমন ভারতীয়দের জন্য বন্ধুর হয়ে উঠেছে, তেমনই ভারতে এসে আটকে পড়েছেন বিদেশি ক্রিকেটাররা। কলকাতায় খেলতে আসা ওয়েস্ট ইন্ডিজ দল একটি বেসরকারি হোটেলে আটকা পড়েছে। অন্যদিকে জিম্বাবোয়ে দল আটকে রয়েছে দিল্লিতে। ফ্লাই এমিরেটস, কাতার এয়ারওয়েজ এবং ইতিহাদ এয়ারওয়েজের মতো বড় সংস্থাগুলো তাদের উড়ান স্থগিত রাখায় কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তা নিয়ে উদ্বেগে কয়েক হাজার যাত্রী।