খামেনেই হত্যাকাণ্ডে মোদির ‘রহস্যময়’ নীরবতা! সংসদ অচল করার হুঁশিয়ারি সোনিয়া গান্ধীর

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনেইয়ের হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় ভারতের রাজনীতি। আমেরিকা ও ইজরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় খামেনেইয়ের মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিরক্তিকর নীরবতা’ নিয়ে এবার সরাসরি আক্রমণে নামলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তাঁর সাফ কথা, ভারত-ইরানের সম্পর্ক দীর্ঘদিনের, অথচ এমন এক চরম সংকটে মোদি সরকারের এই মৌনতা আন্তর্জাতিক মহলে ভারতের বিদেশ নীতির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে।
বিরোধী দলনেতা রাহুল গান্ধীও এই ইস্যুতে সরব হয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “একজন বিদেশি রাষ্ট্রপ্রধানকে এভাবে নিশানা করে হত্যা করা হলো, অথচ আন্তর্জাতিক আইনের সমর্থনে আমাদের দেশ একটি শব্দও খরচ করল না। এই নীরবতা নিরপেক্ষতা নয়, বরং দুর্বলতা।” কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৯ মার্চ থেকে শুরু হতে চলা বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে এই ইস্যুতেই সরকারকে কোণঠাসা করা হবে।
মোদি-নেতানিয়াহু বৈঠক ও হামলা: উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি ইজরায়েল সফর থেকে ফেরেন প্রধানমন্ত্রী মোদি। তার ঠিক পরদিনই তেহরানে এয়ার স্ট্রাইক চালায় ইজরায়েল ও আমেরিকা। এই হামলায় খামেনেই এবং তাঁর পরিবারের সদস্যরা প্রাণ হারান। সোনিয়া গান্ধী একটি নিবন্ধে লিখেছেন, আলোচনার মাঝপথে কোনো রাষ্ট্রের সর্বোচ্চ নেতাকে হত্যা করা সমসাময়িক আন্তর্জাতিক সম্পর্কের গভীর ভাঙনকে স্পষ্ট করে। ভারতের বিদেশ মন্ত্রক এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানানোয় ক্ষুব্ধ বিরোধীরা। এখন দেখার, সংসদের অধিবেশনে মোদি সরকার এই ‘মৌনতা’ নিয়ে কী সাফাই দেয়।