মিডিয়া এখন বশ মেনেছে! ২৫০তম জন্মদিনে বড় ধামাকা ডোনাল্ড ট্রাম্পের, ফাঁস করলেন গোপন পরিকল্পনা

দীর্ঘ বছরের মান-অভিমান এবং তিক্ততা ঝেড়ে ফেলে অবশেষে ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন’ (WHCA)-এর বার্ষিক নৈশভোজে যোগ দেওয়ার ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চিরপরিচিত মেজাজেই তিনি দাবি করেছেন, সাংবাদিকরা এখন তাঁকে ‘সর্বকালের সেরা’ বা ‘G.O.A.T’ (Greatest of All Time) হিসেবে মেনে নিয়েছেন বলেই তিনি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এই বিস্ফোরক ঘোষণা করেন তিনি।

মার্কিন ইতিহাসের ঐতিহ্য অনুযায়ী ১৯২৪ সাল থেকে এই ডিনার চলে আসছে। কিন্তু নিজের প্রথম মেয়াদে সংবাদমাধ্যমের সঙ্গে সংঘাতের কারণে এই অনুষ্ঠান বয়কট করেছিলেন ট্রাম্প। তাঁর অভিযোগ ছিল, মিডিয়া তাঁর বিরুদ্ধে ‘ফেক নিউজ’ ছড়ায়। কিন্তু এবার সুর বদলে ট্রাম্প লিখেছেন, “সাংবাদিকরা এখন স্বীকার করে নিয়েছে যে আমি দেশের ইতিহাসের অন্যতম সেরা প্রেসিডেন্ট। অনেকের মতে আমিই জি.ও.এ.টি.। তাই এই আমন্ত্রণ গ্রহণ করা আমার জন্য সম্মানের।” আমেরিকার ২৫০তম জন্মদিনে এই অনুষ্ঠানকে “সর্বকালের সেরা ও চোখধাঁধানো” করে তোলার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

তবে শুধুমাত্র ডিনারের ঘোষণা নয়, একইসঙ্গে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জো বাইডেনকে আক্রমণ শানাতে ছাড়েননি ট্রাম্প। ওবামার আমলের ইরান পরমাণু চুক্তির তীব্র সমালোচনা করে তিনি দাবি করেন, তিনি যদি ২০১৮ সালে ওই চুক্তি বাতিল না করতেন, তবে তিন বছর আগেই ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকত। ট্রাম্পের ভাষায়, “এই বিপজ্জনক পরিস্থিতির জন্য বারাক হোসেন ওবামা এবং স্লিপি জো বাইডেনই দায়ী।” সংবাদমাধ্যমের স্বাধীনতা উদযাপনের এই মঞ্চে ট্রাম্পের উপস্থিতি মার্কিন রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করতে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।