বেকারদের অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা! ‘যুবসাথী’ প্রকল্পের টাকা পাওয়া নিয়ে বড় আপডেট

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য লোকসভা ভোটের মুখে বড়সড় মাস্টারস্ট্রোক দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘যুবসাথী’ প্রকল্পের (Yuvasathi Scheme) মাধ্যমে এবার প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন রাজ্যের লক্ষ লক্ষ যুবক-যুবতী। ঘোষণা অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকেই যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢোকা শুরু হওয়ার কথা। তবে আবেদন করার পর নিজের স্ট্যাটাস বা আবেদনের বর্তমান অবস্থা কী— তা নিয়ে অনেকের মনেই ধন্দ তৈরি হয়েছে।

কীভাবে জানবেন আপনার আবেদনের স্ট্যাটাস?
প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত এই প্রকল্পে প্রায় ৮৪ লক্ষ আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১৯ লক্ষ আবেদনকারী অনলাইনে এবং ৬৫ লক্ষ যুবক-যুবতী অফলাইন শিবিরের মাধ্যমে নাম নথিভুক্ত করেছেন। যারা অনলাইনে আবেদন করেছেন, তারা ‘বাংলা যুবসাথী’ পোর্টালে গিয়ে নিজেদের মোবাইল নম্বর ও ওটিপি (OTP) দিলেই বর্তমান অবস্থা দেখতে পাবেন। সেখানে ২৫ সংখ্যার একটি রেজিস্ট্রেশন নম্বর দেখা গেলে বুঝতে হবে আপনার আবেদন গৃহীত হয়েছে। তবে অফলাইন আবেদনকারীদের ক্ষেত্রে পদ্ধতিটি কিছুটা জটিল। ওটিপি দেওয়ার পর অনেকের ক্ষেত্রেই পুনরায় ফর্ম ফিলাপের অপশন আসছে, যা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে।

ভুল থাকলে কী করবেন?
আপনার আবেদনের স্ট্যাটাসে যদি ‘অবজেকশন’ (Objection) বা ‘ডিসপুট’ (Dispute) দেখায়, তবে এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই পোর্টালের মাধ্যমে বা সরাসরি ব্লক অফিসে গিয়ে এই ভুল সংশোধনের সুযোগ দেওয়া হবে। ২১ থেকে ৪০ বছর বয়সী কর্মহীন যুবক-যুবতীদের স্বনির্ভর করতেই অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটে এই বিশেষ প্রকল্পের ঘোষণা করেছিলেন।

বর্তমানে কয়েক লক্ষ আবেদনকারী এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ১ এপ্রিলের জন্য। প্রথম দফায় কারা এই সুবিধার আওতায় আসবেন, তা নিয়ে খুব শীঘ্রই জেলা ভিত্তিক তালিকা প্রকাশ করতে পারে নবান্ন। স্ট্যাটাস নিয়ে কোনও বড় সমস্যা থাকলে স্থানীয় বিডিও (BDO) অফিসে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছে ওয়াকিবহাল মহল।