ভবানীপুরে ‘গেরুয়া’ দোল! মমতা-শুভেন্দু দ্বৈরথে ভোটের আগেই তপ্ত দক্ষিণ কলকাতা

বসন্তের রঙের মাঝেও দক্ষিণ কলকাতার ভবানীপুরে বইছে রাজনীতির তপ্ত হাওয়া। মঙ্গলবার দোলের সকালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মিছিলে অংশ নিয়ে জনসংযোগে মাতলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিন্দু অধ্যুষিত এলাকাগুলিতে ঘুরলেন তিনি, সাধারণ মানুষের সঙ্গে খেললেন আবির। কিন্তু উৎসবের আমেজ ছাপিয়ে শুভেন্দুর গলায় শোনা গেল জয়ের হুঙ্কার। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এবার ভবানীপুরে মমতার জেতার মতো ভোটার আর অবশিষ্ট নেই।
বিতর্কের মূলে রয়েছে নির্বাচন কমিশনের সদ্য প্রকাশিত ভোটার তালিকা। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর পর দেখা যাচ্ছে, ভবানীপুর কেন্দ্র থেকে প্রায় ৪৭ হাজার নাম বাদ পড়েছে এবং আরও ১৪ হাজার নাম ‘বিবেচনাধীন’ তালিকায় রয়েছে। এই পরিসংখ্যান ঘিরেই বিজেপি শিবিরে খুশির হাওয়া। শুভেন্দু অধিকারীর দাবি, “নথিহীন ভুয়ো ভোটারদের জমানো দিন শেষ। এবার আর লড়াই হবে না, হবে পরিষ্কার জয়।”
অন্যদিকে, নিজের গড় রক্ষায় বিন্দুমাত্র দমে যেতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপি এবং কমিশনের মধ্যে ‘অশুভ আঁতাত’-এর অভিযোগ তুলেছেন। তাঁর পাল্টা চ্যালেঞ্জ, “বিজেপি চক্রান্ত করে ভোটার তালিকা থেকে বেছে বেছে তৃণমূল সমর্থকদের নাম বাদ দিয়েছে। কিন্তু ভবানীপুরে যদি একজনও আসল ভোটার বেঁচে থাকে, আমি তাঁর ভোটেই জিতে আসব।”
২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ভবানীপুর যে এই মুহূর্তের সবথেকে বড় রাজনৈতিক ‘হটস্পট’, তা এদিন শুভেন্দুর পদযাত্রার ভিড় দেখেই স্পষ্ট। একদিকে মমতার অজেয় থাকার জেদ, আর অন্যদিকে শুভেন্দুর ‘পরিবর্তন’ যাত্রা—এই দুইয়ের চাপে এখন দোলের রঙ ছাপিয়ে বড় হয়ে উঠেছে ভোটের পাটিগণিত।