হবু শাশুড়ি মায়ের জন্মদিনে আবিরে রাঙা দেব! মাঝরাতে রুক্মিণীর বাড়িতে চলল দোল উৎসব

উত্তরবঙ্গের হাড়কাঁপানো ঠান্ডায় ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র শুটিং সেরে সদ্যই কলকাতায় ফিরেছেন টলিউডের ‘পাওয়ার কাপল’ দেব ও রুক্মিণী মৈত্র। আর ফিরেই বসন্তের রঙে মেতে উঠলেন তাঁরা। উপলক্ষ দ্বিগুণ— একদিকে দোল উৎসবের আগাম উদযাপন, আর অন্যদিকে রুক্মিণীর মা মধুমিতা মৈত্রের জন্মদিন। সোমবার মাঝরাতেই হবু শাশুড়ি মায়ের জন্মদিনের কেক কাটতে রুক্মিণীর আবাসে হাজির হয়েছিলেন সুপারস্টার দেব।
সোশ্যাল মিডিয়ায় রুক্মিণী বেশ কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে ঘরোয়া পোশাকেই আবিরের রঙে রঙিন হয়েছেন পরিবারের সকলে। মায়ের গালে আদুরে চুমু এঁকে রুক্মিণী লিখেছেন, “শুভ জন্মদিন মা। আমার দেখা সবথেকে অসাধারণ নারী এবং আমার প্রিয় বন্ধু। তোমাকে অনেক ভালোবাসি।” ছবিতে দেবকেও দেখা গিয়েছে খুব সাধারণ সাজে, পরিবারের একজন সদস্যের মতোই হাসি মুখে পোজ দিতে। নেটিজেনদের দাবি, দেব-রুক্মিণীর এই রসায়নই প্রমাণ করে দেয় তাঁদের সম্পর্কের গভীরতা।
প্রসঙ্গত, জলপাইগুড়ির ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ খ্যাত পদ্মশ্রী করিমুল হকের জীবনসংগ্রাম এবার বড় পর্দায় ফুটিয়ে তুলছেন দেব। উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে ছবির প্রথম পর্বের শুটিং শেষ হয়েছে। এই ছবিতে রুক্মিণী ছাড়াও অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ অঙ্কিতা মল্লিক এবং শ্রীপর্ণা রায়। ২০২৬ সালের স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পাবে এই বহু প্রতীক্ষিত ছবি। দেবের লুকে করিমুল হকের আদল ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এখন দেখার, বড় পর্দায় এই মানবিক কাহিনী কতটা দাগ কাটতে পারে।