৩ ঘণ্টা ৫৫ মিনিটের মহাকাব্য! রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ কি ভাঙতে চলেছে দীর্ঘতম ছবির রেকর্ড?

আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তির সময় যত এগিয়ে আসছে, ততই সিনেমাটিকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। বি-টাউনের অন্দরমহলের খবর অনুযায়ী, প্রথম কিস্তির সাফল্যের পর পার্ট ২ হতে চলেছে আরও বড় এবং জমজমাট। বিশেষ করে সিনেমার রানটাইম বা দৈর্ঘ্য নিয়ে যে তথ্য সামনে এসেছে, তা শুনে রীতিমতো চমকে গিয়েছেন চলচ্চিত্র প্রেমীরা।
একাধিক রিপোর্ট অনুসারে, আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলা এই সিক্যুয়েলটির দৈর্ঘ্য হতে পারে ৩ ঘণ্টা ৪০ মিনিট থেকে ৩ ঘণ্টা ৫৫ মিনিটের মধ্যে। কোনো কোনো সূত্রের দাবি, সিনেমাটি ২৩৫ মিনিট অর্থাৎ ৩ ঘণ্টা ৫৫ মিনিট দীর্ঘ হতে চলেছে। যদি এই তথ্য সত্যি হয়, তবে এটি সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে দীর্ঘতম হিন্দি সিনেমা হিসেবে নজির গড়বে। প্রসঙ্গত, ‘ধুরন্ধর’ পার্ট ওয়ানের সময়সীমা ছিল ২১৪.০১ মিনিট (৩ ঘণ্টা ৩৪ মিনিট), অর্থাৎ সিক্যুয়েলটি আগের চেয়েও দীর্ঘ হতে চলেছে।
গত ২৬ বছরের নিরিখে জেপি দত্ত পরিচালিত ‘এলওসি কার্গিল’ ছিল দীর্ঘতম ছবি (৪ ঘণ্টা ৭ মিনিট)। ‘ধুরন্ধর ২’ যদি ৩ ঘণ্টা ৫৫ মিনিটের হয়, তবে এটি বলিউডের ইতিহাসে অন্যতম দীর্ঘতম সিনেমা হিসেবে জায়গা করে নেবে। যদিও সিনেমার চূড়ান্ত দৈর্ঘ্য নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর ছাড়পত্র পাওয়ার পরই প্রকৃত সময় জানা যাবে।
সিনেমাটিতে রণবীর সিংয়ের পাশাপাশি থাকছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবন এবং সারা অর্জুনের মতো তারকারা। এছাড়া ‘রেহমান ডাকাইত’ চরিত্রে নজর কাড়া অক্ষয় খান্নাকে দেখা যাবে ফ্ল্যাশব্যাক দৃশ্যে। সবথেকে বড় চমক হিসেবে শোনা যাচ্ছে ভিকি কৌশলের নাম। গুঞ্জন রয়েছে, ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর সেই আইকনিক চরিত্র মেজর বিহান সিং শেরগিল হিসেবেই এখানে ক্যামিও করতে পারেন তিনি। সব মিলিয়ে এক বিশাল ক্যানভাসে বদলার গল্প বলতে আসছেন আদিত্য ধর।