তেলের দামে আগুন, রক্তস্নাত শেয়ার বাজার! ইরান-মার্কিন সংঘাতে দিশেহারা বিনিয়োগকারীরা

পশ্চিম এশিয়ায় ঘনীভূত যুদ্ধের মেঘে সোমবার সকালে কার্যত ক্ষতবিক্ষত ভারতীয় শেয়ার বাজার। ইরান ও আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে বিনিয়োগকারীদের মনোভাবের ওপর। সোমবার সকাল সাড়ে নয়টার মধ্যেই বিএসই সেনসেক্স ৮৮৪.৩৫ পয়েন্ট কমে ৮০,৪০২.৮৪-এর স্তরে নেমে আসে। পাল্লা দিয়ে ২৬৭.৪৫ পয়েন্ট হারিয়ে নিফটি-৫০ থিতু হয়েছে ২৪,৯১১.২০-এর ঘরে।
জিওজিৎ ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান বিনিয়োগ কৌশলী ড. ভি কে বিজয়কুমার জানিয়েছেন, অদূর ভবিষ্যতে বাজারের এই অস্থিরতা বজায় থাকবে। তাঁর মতে, সবথেকে বড় ঝুঁকি হলো জ্বালানি সংকট। যদি হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বাধা পায়, তবে অপরিশোধিত তেলের দাম একধাক্কায় ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে তেলের দাম ব্যারেল প্রতি ৭৬ ডলারের আশেপাশে থাকলে বড় কোনো ধসের সম্ভাবনা কম বলেই তিনি মনে করছেন।
বিনিয়োগকারীদের জন্য টিপস: বিজয়কুমারের পরামর্শ অনুযায়ী, সংকটের সময় আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করা ভুল কৌশল হতে পারে। অতীতের কোভিড সংকট বা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তথ্য বলছে, দীর্ঘমেয়াদে বাজারের ওপর এই ধরণের ঘটনার প্রভাব থাকে না। বরং বাজারের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে ব্যাঙ্কিং, অটোমোবাইল এবং প্রতিরক্ষা খাতের উচ্চমানের শেয়ার সংগ্রহ করার পরামর্শ দিয়েছেন তিনি।