রাশিয়া-ভারত বন্ধুত্বে কুপোকাত পশ্চিম এশিয়া! বিশ্ববাজারে তেলের আগুন দাউদাউ করলেও নিশ্চিন্তে থাকুন আপনি
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৮২ ডলারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। ইজরায়েল-ইরান সংঘাতের জেরে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কায় কাঁপছে বিশ্ববাজার। কিন্তু ভারতীয় গ্রাহকদের জন্য রয়েছে স্বস্তির খবর। বিশ্বজুড়ে তেলের দামের গ্রাফ ঊর্ধ্বমুখী হলেও ভারতের সাধারণ মানুষকে পেট্রোল বা ডিজেলের জন্য বাড়তি এক পয়সাও খরচ করতে হবে না। কেন্দ্রীয় সরকারের এক সুপরিকল্পিত ‘জ্বালানি নিরাপত্তা’ কবচ রক্ষা করছে ভারতীয় পকেটকে।
পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, যে কোনো ভূ-রাজনৈতিক ধাক্কা সামলানোর জন্য ভারত এখন পুরোপুরি প্রস্তুত। বর্তমানে ভারতের কাছে প্রায় ১০০ মিলিয়ন ব্যারেল বাণিজ্যিক তেলের মজুত রয়েছে। এছাড়াও বিশাখাপত্তনম, ম্যাঙ্গালোর এবং পাদুরের ভূগর্ভস্থ কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভে (SPR) ৫.৩ মিলিয়ন টন তেল সঞ্চিত আছে। এই মজুত ভাণ্ডার দিয়ে কোনো আমদানি ছাড়াই অন্তত ৪৫ থেকে ৭৪ দিন পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা মেটানো সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, এই সংকটে ভারতের ‘ট্রাম্প কার্ড’ হতে চলেছে রাশিয়া। হরমুজ প্রণালী বন্ধ হলেও রাশিয়ার তেলের রুট ভারতের জন্য খোলা। ভারতীয় শোধনাগারগুলি দ্রুত আরব সাগরে ভাসমান রাশিয়ান তেল কিনে সরবরাহ স্বাভাবিক রাখবে। এছাড়া সরকার প্রয়োজনে আবগারি শুল্ক কমিয়ে বা ‘মূল্য স্থিতিশীলকরণ তহবিল’ ব্যবহার করে সাধারণ মানুষের ওপর দামের বোঝা চাপতে দেবে না। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের আগুন জ্বললেও ভারতের পাম্পে দাম থাকবে স্থিতিশীল।