‘শান্তির পথ থেকে একচুলও সরবে না ভারত’, মধ্যপ্রাচ্য সংকটে মোদীর স্পষ্ট বার্তা; দেশজুড়ে হাই-অ্যালার্ট

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির ভয়াবহ অবনতির আবহে ভারতের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার তিনি সাফ জানান, ভারত সবসময়ই শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং যেকোনো বিরোধের সমাধান হওয়া উচিত কূটনৈতিক আলোচনার মাধ্যমে। এদিকে, ইরানে মার্কিন-ইজরায়েলি হানায় আয়াতোল্লা আলি খামেনেই-এর মৃত্যুর পর ভারতে ইরানপন্থী ও বিরোধী গোষ্ঠীর বিক্ষোভ এবং সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
মোদীর শান্তি বার্তা ও প্রবাসীদের সুরক্ষা প্রধানমন্ত্রী বলেন, “যখন দুটি গণতান্ত্রিক দেশ একযোগে শান্তির কথা বলে, তখন সেই কণ্ঠস্বর আরও জোরালো হয়।” তিনি আশ্বাস দিয়েছেন যে, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে আটকে থাকা ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নয়াদিল্লি নিরন্তর যোগাযোগ রাখছে।
অভ্যন্তরীণ নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যগুলির মুখ্যসচিব ও ডিজিপিদের কাছে পাঠানো বার্তায় জানিয়েছে, ইজরায়েল, আমেরিকা ও ইরানের দূতাবাস এবং কনস্যুলেটগুলির নিরাপত্তা কয়েক গুণ বাড়াতে হবে। বিশেষ করে চাবাড হাউস, সিনাগগ এবং বিদেশি পর্যটকদের যাতায়াতের স্থানে আইইডি (IED) তল্লাশি ও সিসিটিভি নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। উস্কানিমূলক ভাষণ বা সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে অশান্তি সৃষ্টিকারীদের ওপর কড়া নজর রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র।