‘যুদ্ধ নয়, পথ দেখাক কূটনীতিই’, ইরান-ইজরায়েল সংঘাতে বিশ্বশান্তির বার্তা মোদীর

ইরান ও ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান রণংদেহী মেজাজ ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার নয়াদিল্লিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে মোদী স্পষ্ট জানান, ভারত সবসময়ই সংঘাত মেটাতে ‘আলোচনা ও কূটনীতি’র পক্ষে।
বিশ্বশান্তির পক্ষে সওয়াল প্রধানমন্ত্রী বলেন, “পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাপ্রবাহ গভীর উদ্বেগের বিষয়। ভারত বরাবরই শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। যখন দুটি গণতান্ত্রিক দেশ একযোগে শান্তির কথা বলে, তখন সেই আওয়াজ আরও জোরালো হয়।” সন্ত্রাসবাদ ও মৌলবাদকে গোটা বিশ্বের জন্য চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করে তিনি দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার ওপর জোর দেন।
ভারতীয়দের নিরাপত্তা নিয়ে আশ্বাস ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠায় মধ্যপ্রাচ্যে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এই প্রসঙ্গে মোদী বলেন, “সরকার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। প্রতিটি দেশের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি যাতে সেখানে থাকা প্রত্যেক ভারতীয় নাগরিক সুরক্ষিত থাকেন।” উল্লেখ্য, ইরান ও ইজরায়েলের এই সরাসরি সংঘাতের আবহে ভারতের এই কূটনৈতিক অবস্থান আন্তর্জাতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।