জামিন পেতেই ফের বিপাকে পার্থ! দোল কাটলেই প্রাক্তন মন্ত্রী ও অর্পিতাকে তলব করল ইডি

জেল থেকে জামিনে মুক্তি পেলেও অস্বস্তি পিছু ছাড়ছে না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির পর এবার এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। মঙ্গলবার দোল উৎসব শেষ হতেই চলতি সপ্তাহে তাঁদের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন এই তলব? ২০২২ সালে অর্পিতার ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধারের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় সংস্থা তাঁদের গ্রেফতার করলেও, এসএসসি মামলায় এখনও পর্যন্ত ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি তাঁরা। তদন্তকারীদের দাবি, এসএসসি দুর্নীতির তদন্তে এমন কিছু নতুন নথি ও তথ্য উঠে এসেছে যেখানে পার্থ ও অর্পিতার সরাসরি যোগসূত্র পাওয়া যাচ্ছে।
মুখোমুখি জেরা কি আসন্ন? পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে একই সময়ে তলব করায় জল্পনা তুঙ্গে। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, তবে কি দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা করছে ইডি? সামনেই ২০২৬-এর বিধানসভা নির্বাচন, তার আগে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির এই সক্রিয়তা রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর তৈরি করেছে।