‘হ্যাপি হোলি বাবাজি!’ খুদেদের আবদারে আপ্লুত যোগী, বারাণসীতে অন্য মেজাজে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী

জাপান ও সিঙ্গাপুর সফর সেরে ফিরেই সোজা বাবার ধামে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার দু’দিনের সফরে কাশী পৌঁছন তিনি। কাশীতে পা দিয়েই প্রথা মেনে বাবা বিশ্বনাথ এবং কালভৈরবের দরবারে হাজিরা দেন মুখ্যমন্ত্রী। মন্দিরে পুজোর পাশাপাশি এদিন সাধারণ মানুষ ও শিশুদের সঙ্গে তাঁর জনসংযোগ ছিল নজরকাড়া।
কালভৈরব মন্দিরে বিশেষ আরতি সফরের প্রথম দিন মুখ্যমন্ত্রী প্রথমেই পৌঁছন কালভৈরব মন্দিরে। সেখানে বাবা কালভৈরবের আরতিতে অংশ নিয়ে রাজ্যের সমৃদ্ধি কামনা করেন তিনি। মন্দির চত্বরে শিশুদের দেখে স্নেহের হাত বাড়িয়ে দেন যোগী। তাদের হাতে তুলে দেন চকোলেট। শিশুদের পড়াশোনার খোঁজখবর নেওয়ার পাশাপাশি এক লস্যি বিক্রেতাকে পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শও দিতে দেখা যায় তাঁকে।
বিশ্বনাথ ধামে অভিষেক এরপর শ্রী কাশী বিশ্বনাথ ধামে পৌঁছন মুখ্যমন্ত্রী। মন্দিরের গর্ভগৃহে লোকমঙ্গলের কামনায় বাবা বিশ্বনাথের ‘ষোড়শোপচার’ ও অভিষেক করেন তিনি। ধাম চত্বরে উপস্থিত ভক্তরা তখন ‘হর হর মহাদেব’ ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত করে তোলেন। ভক্তদের অভিবাদন গ্রহণ করে সবাইকে হোলির আগাম শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। বিদেশ সফর সেরে ফিরেই তাঁর এই আধ্যাত্মিক সফর রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বেশ চর্চিত হচ্ছে।