চাকরিপ্রার্থীদের জন্য সুখবর: ২৬ ডিসেম্বরের মধ্যে সব শূন্যপদ পূরণ, মথুরাপুরের সভা থেকে বাংলা জয়ের হুঙ্কার শাহের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে দাঁড়িয়ে মাস্টারস্ট্রোক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার রায়দিঘি বিধানসভার ভগবতীপুরে আয়োজিত ‘পরিবর্তন যাত্রা’র বিশাল জনসভা থেকে বাংলার সরকারি কর্মচারী এবং লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতীদের জন্য একগুচ্ছ বড়সড় প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেন তিনি। শাহ স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলায় বিজেপি সরকার গঠনের মাত্র ৪৫ দিনের মধ্যে কার্যকর করা হবে সপ্তম বেতন কমিশন (7th Pay Commission)।

রাজ্যের নিয়োগ দুর্নীতি এবং বেকারত্ব ইস্যুকে হাতিয়ার করে শাহ ঘোষণা করেন, বিজেপি ক্ষমতায় এলে আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু করা হবে। শুধু তাই নয়, নিয়োগে বিলম্বের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই সব চাকরিপ্রার্থীদের জন্য সরকারি পরীক্ষায় ৫ বছরের বিশেষ বয়সসীমা ছাড় দেওয়ার ঘোষণাও করেছেন তিনি। শাহের কথায়, “বাংলার যুবকদের কর্মসংস্থান পুনরুদ্ধার এবং দীর্ঘদিনের আর্থিক বঞ্চনার অবসান ঘটানোই আমাদের প্রধান লক্ষ্য।” পাশাপাশি ২৬,০০০ শিক্ষক নিয়োগের জট আইনসম্মতভাবে দ্রুত কাটানোর আশ্বাসও দেন তিনি।

নারী সুরক্ষা ও ক্ষমতায়নে জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ৫,৭০০ কোটি টাকার বিশেষ আর্থিক বরাদ্দের কথা জানান। দুর্নীতি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ শানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, “বিজেপির শাসনে দুর্নীতিবাজদের কোনও রাজনৈতিক সুরক্ষা দেওয়া হবে না। যারা সরকারি অর্থ লুট করেছে, তাদের সপরিবারে আইনের আওতায় আনা হবে।” অনুপ্রবেশ এবং মাফিয়া রাজ নির্মূল করার অঙ্গীকার করে শাহ বলেন, এই পরিবর্তন যাত্রা কেবল সরকার বদল নয়, বরং বাংলার হারানো অর্থনৈতিক ও সাংস্কৃতিক গৌরব পুনরুদ্ধারের লড়াই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলায় স্বচ্ছ ও ন্যায়বিচার সম্পন্ন শাসনব্যবস্থা প্রতিষ্ঠার ডাক দিয়ে সভা শেষ করেন তিনি।