Tanay Shastri: তনয় শাস্ত্রীর পাশে আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি! মিমির বিরুদ্ধে বনগাঁ আদালতে দায়ের পরপর দু’টি মামলা

টলিউড থেকে রাজনীতি— টালমাটাল পরিস্থিতি যেন পিছু ছাড়ছে না অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীর। এবার আইনি লড়াই গড়াল বনগাঁর আদালত চত্বরে। সোমবার সরাসরি মিমির বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করলেন তনয় শাস্ত্রী। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, তনয়ের এই আইনি লড়াইয়ের সেনাপতি হিসেবে পাশে দাঁড়িয়েছেন হেভিওয়েট আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি। জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই মিমির বিরুদ্ধে তনয় শাস্ত্রীর এই ‘পালটা চাল’ এখন রাজ্য রাজনীতির হট টপিক।
ঘটনার সূত্রপাত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে। তনয় শাস্ত্রীর অভিযোগ, মিমির সঙ্গে একটি অনুষ্ঠানের চুক্তি হয়েছিল, যার জন্য তাঁকে অগ্রিম ২ লক্ষ ৬৫ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু নির্দিষ্ট সময়ে মিমি সেই অনুষ্ঠানে যোগ দেননি। তনয়ের দাবি, শুধুমাত্র চুক্তিভঙ্গই নয়, মিমি উল্টে তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এবং জনসমক্ষে কুৎসা রটিয়েছেন এবং মিথ্যে অপবাদ দিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতেই সোমবার বনগাঁ মহকুমা আদালতে দুটি মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে একটি হলো ২০ লক্ষ টাকার মানহানির মামলা এবং অন্যটি অগ্রিম টাকা ফেরত ও চুক্তিভঙ্গের মামলা।
এর আগে মিমির করা অভিযোগের ভিত্তিতেই তনয় শাস্ত্রীকে শ্রীঘরে যেতে হয়েছিল। সেই সময় মিমি দাবি করেছিলেন, তাঁর নাম ব্যবহার করে প্রতারণা করা হয়েছে। কিন্তু জামিনে মুক্ত হওয়ার পর এবার আক্রমণের অভিমুখ ঘুরিয়ে দিয়েছেন তনয়। তাঁর আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি জানান, “আইন সবার জন্য সমান। টাকা নিয়েও অনুষ্ঠানে না আসা এবং উল্টে ব্যক্তির সম্মানহানি করা বরদাস্ত করা হবে না।” তনয় শাস্ত্রী আত্মবিশ্বাসের সুরে বলেন, “মিমি আমার কেরিয়ার নষ্ট করতে চেয়েছেন। আদালতের ওপর আমার পূর্ণ আস্থা আছে, সঠিক বিচার পাবই।”