‘ছাব্বিশে পঞ্চাশের নিচে নামলে, ঊনতিরিশের আগেই পড়বে দিল্লির সরকার!’ বিজেপিকে বড় চ্যালেঞ্জ অভিষেকের

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ঘর গোছাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সোমবার নজরুল মঞ্চে ‘তপশিলির সংলাপ’ কর্মসূচিতে দলের সংগঠকদের সঙ্গে বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি এক বিস্ফোরক রাজনৈতিক দাবি করেন। অভিষেকের মতে, আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় যদি বিজেপিকে ৫০-র নিচে নামিয়ে আনা যায়, তবে ২০২৯ সালের সাধারণ নির্বাচনের আগেই ধসে পড়বে কেন্দ্রের বিজেপি সরকার।
দিল্লির পতন হবে কলকাতাতেই! অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “২০২৬-এর নির্বাচনে যদি বিজেপিকে ৫০-র নিচে নামিয়ে আনতে পারি, তবে লিখে রাখুন, ২০২৯ আসতে হবে না, তার আগেই দিল্লির সরকার বদলে যাবে।” তাঁর যুক্তি, বাংলার মাটিতে বড় বিপর্যয় ঘটলে দিল্লির কেন্দ্রীয় জোটে ভাঙন ধরবে এবং মোদী সরকারের স্থায়িত্ব প্রশ্নের মুখে পড়বে।
তপশিলি ভোটব্যাঙ্ক ও পরিবর্তন যাত্রা নিয়ে তোপ মূলত তপশিলি জাতি ও উপজাতি অধ্যুষিত এলাকাগুলির ওপর এবার বাড়তি নজর দিচ্ছে তৃণমূল। অভিষেক এদিন অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলিত ও তপশিলিদের ওপর ক্রমাগত হামলা হচ্ছে। বিজেপির প্রস্তাবিত ‘পরিবর্তন যাত্রা’কে কটাক্ষ করে তিনি বলেন, বিজেপি আগে নিজেদের শাসিত রাজ্যগুলিতে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করুক, তারপর বাংলায় পরিবর্তনের স্বপ্ন দেখুক।