বিজয়-রশ্মিকার প্রেমে কুপোকাত নেটদুনিয়া! রূপকথার বিয়ের পর ভাইরাল তাঁদের রসায়ন, লাইক-কমেন্টের বন্যা

ভারতের ক্রিকেট আইকন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার জনপ্রিয়তা তুঙ্গে থাকলেও, বর্তমানে নেটপাড়ায় তাঁদের সিংহাসন কাঁপিয়ে দিলেন দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মান্দানা। গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের রাজকীয় প্রাসাদে চার হাত এক হয়েছে তাঁদের। রূপকথার বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার পেশাদার আঙিনাতেও বড় ধামাকা করলেন এই নবদম্পতি। বিয়ের পর প্রথমবার স্বামী-স্ত্রী হিসেবে একটি বিজ্ঞাপনের পর্দায় ধরা দিলেন তাঁরা, যা মুহূর্তের মধ্যে ভেঙে দিয়েছে ভিউয়ারশিপের সমস্ত রেকর্ড।
‘গীতা গোবিন্দম’-এর সেই ম্যাজিক বিখ্যাত পোশাক ব্র্যান্ড ‘মান্যবর মোহে’-র নতুন বিজ্ঞাপনে দেখা গিয়েছে বিজয় ও রশ্মিকাকে। ভিডিওটিতে তাঁদের খুনসুটি এবং রসায়ন দেখে অনুরাগীদের মনে পড়ে যাচ্ছে ‘গীতা গোবিন্দম’ সিনেমার সেই পুরনো দিনগুলোর কথা। পার্থক্য শুধু একটাই— সেই সময় তাঁরা ছিলেন অনস্ক্রিন জুটি, আর আজ তাঁরা আইনিভাবে জীবনসঙ্গী। বিজ্ঞাপনে তাঁদের পর্দার রসায়ন এতটাই সাবলীল যে সাধারণ দর্শক থেকে ভক্তরা বলছেন, ‘এদের জন্যই বোধহয় মেড ফর ইচ আদার শব্দটা তৈরি হয়েছিল!’
কী বললেন রশ্মিকা? বিয়ের মেহেন্দির রঙ এখনও হাতের তালুতে টাটকা, তার মাঝেই এই কাজ নিয়ে মুখ খুলেছেন স্বয়ং রশ্মিকা। ইনস্টাগ্রামে বিজ্ঞাপনের ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, “শুটিংয়ের সময় আমরা প্রচণ্ড মজা করেছি। কারণ সেটে আমরা দুজনেই ছিলাম এবং নিজেদের মতো করে একে অপরকে খ্যাপাতে ব্যস্ত ছিলাম। বোধহয় এটাই জীবনসঙ্গী হওয়ার আসল মানে।” নেটিজেনদের মতে, বিরাট-অনুষ্কা বা রণবীর-দীপিকার বিজ্ঞাপনী ম্যাজিককেও টেক্কা দিচ্ছে বিজয়-রশ্মিকার এই মিষ্টি রসায়ন। তাঁদের এই নতুন ইনিংস এখন টক অফ দ্য টাউন।