১৭ মার্চ কি ভোটের নির্ঘণ্ট? তার আগেই ৪৮০ কোম্পানি সেনায় মুড়ছে রাজ্য, নজিরবিহীন প্রস্তুতি কমিশনের

২০২৬ বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে পশ্চিমবঙ্গকে। প্রথম দফার ২৪০ কোম্পানির পর, আগামী ১০ মার্চ রাজ্যে পৌঁছাচ্ছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ, ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে মোতায়েন থাকছে মোট ৪৮০ কোম্পানি আধাসেনা। নির্বাচন কমিশন সূত্রে খবর, এবারের নির্বাচনে নজিরবিহীনভাবে প্রতিটি কোম্পানিতে অন্তত ৭২ জন সক্রিয় জওয়ান থাকছেন।
জেলাভিত্তিক বাহিনীর বণ্টন: শীর্ষে উত্তর ২৪ পরগনা ও মুর্শিদাবাদ কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ১০ মার্চ যে নতুন ২৪০ কোম্পানি বাহিনী আসছে, তার মধ্যে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে স্পর্শকাতর জেলাগুলোতে। উত্তর ২৪ পরগনা (তিনটি পুলিশ জেলা ও দুই কমিশনারেট মিলিয়ে) এবং মুর্শিদাবাদ— এই দুই জেলাতেই বাহিনীর সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে মোট ৫৮ কোম্পানি করে। এ ছাড়াও দক্ষিণ ২৪ পরগনায় ৩৩ কোম্পানি এবং খোদ কলকাতায় ৩০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে।
একনজরে জেলাওয়ারি নতুন বাহিনীর তালিকা (১০ মার্চের পর):
-
উত্তরবঙ্গ: কোচবিহার ৬, দার্জিলিং ৫, মালদহ ৬, ইসলামপুর ৪ এবং রায়গঞ্জে ৪ কোম্পানি।
-
দক্ষিণবঙ্গ: পূর্ব মেদিনীপুর ১৪, বীরভূম ১৪, পুরুলিয়া ১৫, পশ্চিম মেদিনীপুর ১৩ এবং পূর্ব বর্ধমান ১৭ কোম্পানি।
-
শহর ও সংলগ্ন এলাকা: আসানসোল-দুর্গাপুর ১০, হাওড়া ও হুগলি মিলিয়ে ১৩ এবং বারাকপুর-বসিরহাটে ১০ কোম্পানি করে বাহিনী নামছে।
১৭ মার্চ কি ভোটের দিনক্ষণ ঘোষণা? সূত্রের খবর, আগামী ১৭ মার্চ জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে। বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৭ মে, তাই তার আগেই নতুন সরকার গঠন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যদি ১৭ তারিখ ঘোষণা হয়, তবে এপ্রিলের শেষ সপ্তাহ থেকে ভোটগ্রহণ শুরু হতে পারে। সময় কম থাকায় এবার সম্ভবত তিন দফার বেশি ভোট হবে না বলেই মনে করা হচ্ছে। ১০ মার্চ থেকে এই বিপুল পরিমাণ বাহিনী মোতায়েনের মূল লক্ষ্য হলো ভোটারদের মনে আত্মবিশ্বাস জোগানো এবং অশান্তিপ্রবণ এলাকায় নিয়মিত রুট মার্চ করা।