দোল পূর্ণিমায় আবিরের রঙে মিশবে ঘাম! হু হু করে বাড়ছে পারদ, দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় বদল

রঙের উৎসবে এবার জাঁকিয়ে বসছে গরম। বসন্তের আমেজ কাটিয়ে দোল পূর্ণিমার আগেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উৎসবের দিনগুলিতে দক্ষিণবঙ্গে মূলত রৌদ্রোজ্জ্বল ও শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতার ক্ষেত্রে পরিসংখ্যানটা আরও উদ্বেগজনক; গত চার দিনেই শহরের সর্বনিম্ন তাপমাত্রা একলাফে ৭ ডিগ্রি বেড়ে গিয়েছে। আজ সকালেই কলকাতার তাপমাত্রা ছুঁয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, শীতের শেষ চিহ্নটুকু মুছে গিয়ে এখন শুধুই উষ্ণতার দাপট।
হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে একাধিক ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর, কোমোরিন এলাকা, উত্তর-পূর্ব আরব সাগর এবং মধ্য অসমে ঘূর্ণাবর্তের অবস্থান লক্ষ্য করা গেছে। এর পাশাপাশি জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় অবস্থান করছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। আগামী ৪ মার্চ, বুধবার আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা ভারতে প্রবেশ করতে চলেছে। এর প্রভাবেই আবহাওয়ায় এই ব্যাপক রদবদল। দক্ষিণবঙ্গের কিছু জেলায় সকালে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী ৬-৭ দিন রাতের তাপমাত্রা প্রায় একই থাকলেও দিনের বেলা রোদের তেজ বাড়বে।
অন্যদিকে, উত্তরবঙ্গের চিত্রটা কিছুটা আলাদা। দোলের ঠিক আগে দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি দার্জিলিংয়ে সকালের দিকে হালকা তুষারপাত বা ‘গ্রাউন্ড ফ্রস্ট’ দেখা যেতে পারে। তবে মঙ্গলবার থেকে সেখানেও বৃষ্টির দাপট কমবে এবং বুধবার থেকে শুষ্ক আবহাওয়া শুরু হবে। উত্তরবঙ্গেও বুধবারের পর থেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সব মিলিয়ে, উৎসবের মরসুমে গরমের অস্বস্তি সঙ্গী করেই পথে নামতে হবে রাজ্যবাসীকে।