‘সাদা চামড়ার ট্রাম্প…’! ইরান ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুকে তোপ আসাদউদ্দিন ওয়াইসির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর হত্যার পর পশ্চিম এশিয়ায় যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘সাদা চামড়ার ট্রাম্প’ বলে কটাক্ষ করার পাশাপাশি ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও তীব্র আক্রমণ করেন তিনি। ওয়াইসির মতে, সার্বভৌম একটি দেশের ওপর হামলা চালিয়ে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন করেছে ইজরায়েল ও আমেরিকা।
হায়দ্রাবাদের সাংসদ প্রশ্ন তোলেন, “বিশ্বজুড়ে কি এখন জঙ্গল রাজ চলছে? কোনো নিয়ম-কানুন কি অবশিষ্ট নেই?” তিনি অভিযোগ করেন, আমেরিকা ও ইজরায়েল নিজেদের খেয়ালখুশি মতো সার্বভৌম দেশের সীমানা লঙ্ঘন করছে। এই সংকটে ভারত সরকারের ভূমিকা নিয়ে সরব হয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আরজি জানান যেন ভারত বিশ্বব্যাপী নেতৃত্ব (Global Leadership) দেয়। তাঁর দাবি, ভারতের উচিত এই আগ্রাসনের নিন্দা জানানো এবং আন্তর্জাতিক আইন রক্ষার জন্য চাপ সৃষ্টি করা। পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা না ফিরলে তার প্রভাব ভারতের অর্থনীতিতেও পড়বে বলে সতর্ক করেন তিনি।