ইরান-ইজরায়েল যুদ্ধে নতুন মোড়! কুয়েতের আকাশে ভেঙে পড়ল মার্কিন F-15 যুদ্ধবিমান, ভিডিও ঘিরে তোলপাড়

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর পর পশ্চিম এশিয়ায় যুদ্ধের দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। সোমবার সকালে কুয়েতের আকাশে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান গুলি করে নামানোর দাবি করেছে ইরানের সংবাদমাধ্যম ‘ইরনা’ (IRNA)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, যুদ্ধবিমানটি মাঝ আকাশে ঘুরপাক খেতে খেতে আগুনের গোলার মতো নীচে আছড়ে পড়ছে। জানা গিয়েছে, মার্কিন পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছেন। এই ঘটনার রেশ ধরে কুয়েতে মার্কিন দূতাবাসের সামনে কালো ধোঁয়া দেখা যাওয়ায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে।
এদিকে ইরান দাবি করেছে, বাহরিনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের রাডার স্টেশন তারা ধ্বংস করে দিয়েছে এবং ড্রোন হামলায় অন্তত ৫৬০ জন মার্কিন সেনা হতাহত হয়েছে। তবে আমেরিকা এই হতাহতের সংখ্যা স্বীকার করেনি। অন্যদিকে, খবর পাওয়া যাচ্ছে যে শনিবারের যৌথ অভিযানে খামেনেইর পাশাপাশি তাঁর সম্ভাব্য উত্তরসূরি তথা দ্বিতীয় পুত্র মোজতবা খামেনেই নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ইরানি সেনাকে কড়া বার্তা দিয়ে বলেছেন, “হয় নিঃশর্ত আত্মসমর্পণ করো, নয়তো নিশ্চিত মৃত্যুর জন্য প্রস্তুত থাকো।” দুবাই, আবুধাবি ও দোহাতেও একের পর এক বিস্ফোরণের শব্দে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে।