খামেনেইর মৃত্যুতে উত্তাল উপত্যকা! শ্রীনগরের লাল চক সিল করল প্রশাসন, জারি কঠোর বিধিনিষেধ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর রেশ এবার আছড়ে পড়ল কাশ্মীর উপত্যকায়। রবিবারের বিশাল বিক্ষোভের পর সোমবার শ্রীনগর-সহ কাশ্মীরের একাধিক অংশে চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন। অশান্তি রুখতে শ্রীনগরের ঐতিহাসিক লাল চকের ঘণ্টা ঘর সিল করে দেওয়া হয়েছে এবং চারপাশ ব্যারিকেডে মুড়ে ফেলা হয়েছে। ভিড় সামলাতে শহরজুড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও সিআরপিএফ (CRPF)।

উপত্যকার প্রায় ১৫ লক্ষ শিয়া অধ্যুষিত এলাকা— সাইদা কাদাল, বুদগাঁও, বান্দিপোরা ও পুলওয়ামায় শোকের ছায়া নেমে এসেছে। বিক্ষোভকারীদের রাস্তায় নেমে বুক চাপড়ে কাঁদতে এবং আমেরিকা ও ইজরায়েল বিরোধী স্লোগান দিতে দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে শান্তি বজায় রাখতে মুতাহিদা মজলিস-ই-উলামা (MMU) চেয়ারম্যান মিরওয়াইজ উমর ফারুক একদিনের ধর্মঘটের ডাক দিয়েছেন। যাকে সমর্থন জানিয়েছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান দু-দিনের জন্য বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।