ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল সংযুক্ত আরব আমিরাত! তেহরানে দূতাবাস বন্ধ, কূটনৈতিক স্তরে চূড়ান্ত সংঘাত

পশ্চিম এশিয়ায় যুদ্ধের দাবানল এবার চরম কূটনৈতিক সংকটে রূপ নিল। ইরানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করল সংযুক্ত আরব আমিরাত (UAE)। তেহরান থেকে নিজেদের কূটনীতিকদের প্রত্যাহার করার পাশাপাশি দূতাবাসও বন্ধ করে দিয়েছে আবু ধাবি। গত ২৮ ফেব্রুয়ারি খামেনেই হত্যার পর ইরান যেভাবে দুবাই এবং আবুধাবির বন্দর ও হোটেলগুলোতে হামলা চালিয়েছে, তার জেরেই এই কড়া পদক্ষেপ। এই হামলায় এক বাংলাদেশি, এক পাকিস্তানি এবং এক নেপালি নাগরিকের মৃত্যু হয়েছে।
এই সংকটকালীন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলার তীব্র নিন্দা জানিয়ে মোদী বলেন, “ভারত এই কঠিন সময়ে আমিরাতের পাশে আছে।” তিনি সেখানে বসবাসরত ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নাহিয়ানকে ধন্যবাদ জানান এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর জোর দেন।
অন্যদিকে, যুদ্ধক্ষেত্রে ধ্বংসলীলা আরও বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বি-২ স্টিলথ বোমারু বিমানের হামলায় ইরানের ৯টি রণতরী এবং রিভলিউশনারি গার্ডসের (IRGC) সদর দফতর সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। তবে ইরানি পাল্টা হামলায় কুয়েতে ৩ মার্কিন সেনার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। আকাশসীমা বন্ধ থাকায় বিশ্বজুড়ে বিমান পরিষেবা এখনও বিপর্যস্ত।