ইরান-মার্কিন যুদ্ধে রক্তাক্ত দালাল স্ট্রিট! সেনসেক্স ৮৮০ পয়েন্ট পড়ে ৮০ হাজারে, দিশেহারা বিনিয়োগকারীরা

পশ্চিম এশিয়ায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনার আঁচ এসে পড়ল ভারতের শেয়ার বাজারে। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির আশঙ্কায় সোমবার সকালে বাজার খুলতেই বড়সড় ধসের মুখ দেখল সেনসেক্স ও নিফটি। সকাল ৯:৩০ মিনিটে বিএসই (BSE) সেনসেক্স ৮৮৪.৩৫ পয়েন্ট কমে ৮০,৪০২.৮৪-এ দাঁড়িয়েছে। অন্যদিকে, এনএসই (NSE) নিফটি ২৬৭.৪৫ পয়েন্ট হারিয়ে ২৪,৯১১.২০-তে নেমে এসেছে।

জিওজিৎ ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান বিনিয়োগ কৌশলী ড. ভি কে বিজয়কুমার জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বাধাগ্রস্ত হলে অপরিশোধিত তেলের দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে তেলের দাম ব্যারল প্রতি ৭৬ ডলারের আশেপাশে থাকায় বাজার কিছুটা দুর্বল। তবে ড. বিজয়কুমার বিনিয়োগকারীদের আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি না করার পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, কোভিড বা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো অতীত সংকটগুলো আমাদের শিখিয়েছে যে বাজারে এই ধরণের অস্থিরতা দীর্ঘমেয়াদী হয় না। বরং বাজারের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে ব্যাঙ্কিং, অটোমোবাইল এবং প্রতিরক্ষা খাতের ভালো মানের স্টক কেনার পরামর্শ দিয়েছেন তিনি।