‘ও ভীষণ সিরিয়াস মেয়ে’, রাজনীতিতে পা রাখা কোয়েলের পাশে দাঁড়িয়ে সমালোচকদের জবাব শতাব্দী

আসন্ন রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে টলিউড তথা বঙ্গ রাজনীতিতে বড়সড় চমক। পশ্চিমবঙ্গের পাঁচটি শূন্য আসনের মধ্যে প্রার্থী হিসেবে নাম উঠে এসেছে জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের। বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির পর এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে প্রবল চর্চা। যে নায়িকাকে দর্শক এতদিন পর্দা এবং নিজেদের হৃদয়ে জায়গা দিয়েছেন, তাঁর এই রাজনৈতিক পদক্ষেপে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

এই পরিস্থিতিতে কোয়েলের পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ শতাব্দী রায়। কোয়েলের রাজনীতিতে প্রবেশ নিয়ে প্রশ্ন করা হলে শতাব্দী বলেন, “খুব ভালো। কোয়েল খুব ভালো মেয়ে এবং ও ভীষণ সিরিয়াস। যে কোনো কাজ ও যদি সিরিয়াসলি করে, তবে ফল মিলবেই। আমার মনে হয় রাজনীতিতেও ও সিরিয়াসলি কাজ করবে।” শতাব্দীর এই প্রশংসা কার্যত কোয়েল-বিরোধীদের কড়া জবাব হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।

অন্যদিকে, রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও কোয়েলকে নিয়ে কুরুচিকর মন্তব্যে ক্ষুব্ধ অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি জানান, কোয়েল যে সম্মানের অধিকারী, তাঁকে নিয়ে এত নেতিবাচক মন্তব্য দেখা দুঃখজনক। তাঁর মতে, ঈশ্বর কোয়েলকে সবকিছুই দিয়েছেন, তাই নতুন করে তাঁর চাওয়ার কিছু নেই। এটি কোয়েলের ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও, এমন সাহসী পদক্ষেপে তিনি কিছুটা অবাক হয়েছেন বলেই জানান রুদ্রনীল। পর্দার ‘মিতিন মাসি’ রাজনীতির ময়দানে কতটা সিরিয়াসলি লড়েন, এখন সেটাই দেখার।